কলকাতা 

পুজোর পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ভোটার তালিকায় এস আই এর কাজ শুরু জানিয়ে দিল নির্বাচন কমিশন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে এ বার শুরু হবে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন (এসআইআর)-এর কাজ। আলোচনা, গুঞ্জন আগে থেকেই চলছিল। এ বার তাতে সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসে, অর্থাৎ অক্টোবরে পুজোর মরসুমের পরেই দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর।

আগামী ২ অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে। এর পরে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরসুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা।

Advertisement

বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে, সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন। তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না। এ বার কমিশন তা-ও স্পষ্ট ভাবে জানিয়ে দিল। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। ২০০২ সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এলাকাভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এ বার দু’দশকেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন।

সম্প্রতি বিহারে এসআইআর-এর কাজ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও। বস্তুত, কমিশন প্রথমে জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে গণ্য করছিল না। তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল-সহ অন্য বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলিও এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ