কলকাতা 

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সম্পন্ন হল মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ 2025 পরীক্ষার চূড়ান্ত পর্বের পরীক্ষা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন: মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৫ প্রথম পর্বের পরীক্ষার পর আজ রবিবার ৭ সেপ্টেম্বর ছিল এর চূড়ান্ত পর্বের পরীক্ষা। প্রথম পর্বের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় আট হাজার ছাত্রছাত্রী ৬৫ টি পরীক্ষা কেন্দ্র থেকে। আর চূড়ান্ত পর্বের পরীক্ষায় প্রায় ১০০% পরীক্ষার্থী হাজির হয়েছিল নির্বাচিত ছটি কেন্দ্রে। অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৪৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই আসন গ্রহণ করেছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল বেস আন-নূর মডেল স্কুল বয়েজ সেকশন, গার্লস সেকশন ও বহরমপুর শাখায়। এছাড়াও মুরলীগঞ্জ হাই স্কুল, নয়াবাজার হাই স্কুল এবং মাথরুন হাইস্কুল ও প্রজ্ঞানানন্দ ইনস্টিটিউটে আজকের এই চূড়ান্ত পর্বের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। বাংলা ও ইংরেজি ভার্সনের এই পরীক্ষা নেওয়া হয় ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত যেকোনো বোর্ডের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে। বেস এডুকেশনাল হাব-এর তত্ত্বাবধানে সুন্দর-সুশৃংখল ব্যবস্থাপনায় খুশি পরীক্ষার্থীরা এবং অত্যন্ত সন্তুষ্ট তাদের অভিভাবকেরা।

একজন অভিভাবক পেশায় ইঞ্জিনিয়ার জানালেন, ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রশ্নপত্র ছাত্র-ছাত্রীদেরকে খুবই উজ্জীবিত করেছে এবং তাদের মধ্যে নতুনকে জানার আগ্রহ ও কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, এক ঘন্টার এই পরীক্ষা চলাকালীন অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থাও আয়োজক সংস্থার কর্মকুশলতার পরিচয় দিয়েছে। বেস এডুকেশনাল হাব-এর সম্পাদক খাদেমুল ইসলাম সুচারুরূপে এই পরীক্ষা ব্যবস্থাপনার জন্য সকল সহকর্মীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জিডি স্টাডি সার্কেল, অনুসন্ধান সোসাইটি এবং চেকমেট কেরিয়ারকে। তিনি জানিয়েছেন অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান করা হবে এবং চূড়ান্ত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত সফল পরীক্ষার্থীদের এককালীন স্কলারশিপ, উপহার ইত্যাদি প্রদান করা হবে। এই অনুষ্ঠান হবে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার।

Advertisement

সফল ছাত্র-ছাত্রীদেরকে আরো এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, বিশিষ্ট শিক্ষাবিদ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের সভাপতি ড.অমরেন্দ্র মহাপাত্র, মুরলিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ড.শামসুল আলম সহ বিশিষ্ট গুণীজনেরা। এক বার্তায় অনুসন্ধান সোসাইটির সম্পাদক গৌরাঙ্গ সরখেল জানিয়েছেন এই সামগ্রিক পরীক্ষা পর্ব থেকে পঞ্চাশ জন ছাত্র-ছাত্রীর মেধা তালিকা প্রস্তুত করা হচ্ছে, তাদেরকে নিয়ে বিশেষ প্রকল্প ‘ইগনাইট দা ইয়ং মাইন্ডস’ কর্মশালার আয়োজন করা হবে। এই কাজে রাজ্যের বিশিষ্ট শিক্ষা প্রশাসক ও গবেষকেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ