জেলা 

গাইঘাটা বেনীমাধব বালিকা বিদ্যালয়ে স্থাপিত হল গণিত গবেষণাগার

শেয়ার করুন

নায়ীমুল হকের প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত এক গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গাইঘাটা বেনীমাধব বালিকা বিদ্যালয়। কিশোরমতি বালক বালিকার মনে অংকের ভয় যাতে না থাকে সে বিষয়ে অগ্রসর হলেন তাঁরা। রবিবার সেখানে উদ্বোধন হল গণিত গবেষণাগার। নাম গবেষণার মত কঠিন হলেও আসলে ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলার ছলে শিখবে নামতা, গসাগু-লসাগু, বীজগণিতের হরেক ফর্মুলা, আর জ্যামিতির নানা রকম আকার-আকৃতি। একরাশ ভালোবাসা আর ছাত্র-ছাত্রীদের জন্য সারা জীবনের সঞ্চিত অর্থ নিয়ে এই কাজে এগিয়ে এলেন গাঁড়াপোতা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার মিত্র।

রবিবার ২৪ সেপ্টেম্বর গণিতের এই গবেষণাগার ‘রামানুজন কক্ষ’-এর দ্বারোদ্ঘাটন করলেন গণিতের বিশিষ্ট অধ্যাপক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব ডঃ পার্থ কর্মকার। কুড়িটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া ছোট ছোট কচি কাঁচাদের পেয়ে তিনি মজার মজার প্রশ্নের মাধ্যমে গণিতের কুইজ পরিচালনা করলেন এদিন। আর দেখালেন অংক কত উৎসাহ এনে দিতে পারে, কত সহজে সমাধানে পৌঁছানো যেতে পারে, যদি তা সত্যিই বুঝতে পারা যায় আর মনের মধ্যে এঁকে ফেলা যায়! গনিত গবেষণাগারটি রূপায়নে শিক্ষিকা পামেলা মুখার্জিকে অভিনন্দন জানান তিনি।

Advertisement

এদিন মনোতোষ বাবুও তাঁর লেখা পুস্তক ‘এনাটমি অফ ম্যাথমেটিক্স’ ধরে নির্মিত সমস্ত মডেল প্রদর্শন করেন। ছাত্র-ছাত্রীসহ উপস্থিত সকলেই খুবই উপভোগ করেন এই মডেল যা মূলত যন্ত্রের মাধ্যমে উপস্থাপিত হয়েছে গণিতের এক একটি ব্যবহারিক আঙ্গিকে।

সহজে গণিত বোঝার এই প্রয়াস সকলের কাছে পৌঁছে যাক, তা চাইছেন বেনীমাধব বালিকা বিদ্যালয়ের কর্তৃপক্ষ। তাই সময় সুযোগ বুঝে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে গণিত মজার এই স্বাদ আস্বাদন করতে পারে তার জন্য পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মোহনা মিত্র জানিয়েছেন, উৎসাহী ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে গবেষণাগারের এই দ্বার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ