‘‘আমি কখনওই ট্রাম্পকে ফোন করব না” : ব্রাজিলের প্রেসিডেন্ট
বাংলার জনরব ডেস্ক : শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনভাবেই ফোন করবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভা স্পষ্ট জানিয়ে দেন, কখনওই না! ব্রাজ়িল থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা ট্রাম্প ঘোষণা করার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে। সেই আবহে ট্রাম্প দাবি করেছিলেন, লুলার থেকে ফোন পাবেন। কিন্তু সেই দাবি নস্যাৎ করে দিলেন ব্রাজ়িল প্রেসিডেন্ট নিজেই।
লুলাকে ট্রাম্পের দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, ‘‘আমি কখনওই ট্রাম্পকে ফোন করব না। কারণ, তিনি আলোচনা চান না।’’ ব্রাজ়িলের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের দিনটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে দুঃখজনক দিন’ বলে উল্লেখ করেছেন লুলা। এখানেই থামেননি তিনি। শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে না চাইলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা বলার ইচ্ছাপ্রকাশ করেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘‘আমি শি জিনপিং-কে ফোন করব। ফোন করব প্রধানমন্ত্রী মোদীকেও। অনেক বিশ্বনেতাকে ফোন করব।’’
উল্লেখ্য, ভারত, চিন, ব্রাজ়িল ব্রিক্সের সদস্য। সম্প্রতি ব্রিক্স সম্মেলনে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ইরানে হামলার বিরুদ্ধে সম্মিলিত বিবৃতি দেওয়া হয়েছে। যদিও সরাসরি আমেরিকা বা ইজ়রায়েলের নাম করা হয়নি। তবে বার্তা ছিল স্পষ্ট। তার পরেই ট্রাম্প ব্রিক্স-এ যুক্ত দেশগুলিকে শুল্ক-হুঁশিয়ারি দেন। তিনি জানান, ব্রিক্স-এর আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যে সব দেশ যুক্ত থাকবে, তাদের বাড়তি আরও ১০ শতাংশ কর দিতে হবে মার্কিন পণ্যে।

