নরেন্দ্র মোদির সভা এড়িয়ে দিল্লি গেলেন দিলীপ! রহস্য?
বাংলার জনরব ডেস্ক : বহু চর্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুরের সভায় থাকছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালেই তিনি দিল্লি রওনা দিয়েছেন। জানা গেছে তিনি যেতে চাইলেও দলটাকে আমন্ত্রণ করেনি। এর ফলে বিতর্ক এড়াতে আরে শেষর অন্যতম প্রথম সারির নেতা এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিল্লি চলে গেলেন বলে রাজনৈতিক মহল মনে করছে।
শুক্রবার দুপুরে দুর্গাপুরে পৌঁছোবেন প্রধানমন্ত্রী। নেহরু স্টেডিয়ামে প্রশাসনিক কর্মসূচির পর রয়েছে রাজনৈতিক সভা। বঙ্গ বিজেপির শীর্ষনেতারা প্রায় সকলেই এখন দুর্গাপুরে। বৃহস্পতিবার সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রধানমন্ত্রীর সভার কথা প্রচার করার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত স্বয়ং। কিন্তু দিলীপকে সেখানে ডাকাই হয়নি। প্রথমে দিলীপ জানিয়েছিলেন, দল না ডাকলেও দলের সাধারণ কর্মী হিসাবে প্রধানমন্ত্রীর সভায় থাকবেন তিনি। পরে সিদ্ধান্ত বদলান।
শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরার আগে সাংবাদিকদের দিলীপ বলেন, ‘‘আমাকে কর্মীরা ডেকেছিলেন, আমি তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি আমাকে ডাকেনি। হয়তো পার্টি চায়ও না আমি দুর্গাপুরে যাই। গেলে অস্বস্তি হবে। সেই জন্য আমি প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না।’’ দুর্গাপুরের সভা এড়ানোর জন্যই কি দিল্লিযাত্রা? দিলীপের উত্তর, ‘‘দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজে যাচ্ছি।’’
নতুন রাজ্য সভাপতি হিসাবে শমীককে বরণ করে নেওয়ার অনুষ্ঠানেও দিলীপ ছিলেন না। তবে দলবদলের জল্পনা বার বার তিনি উড়িয়ে দিয়েছেন। শুক্রবার বাংলায় মোদীর সভার দিন সকালেই তাঁর দিল্লি যাওয়া জল্পনা আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন কেউ কেউ।

