কালীঘাটের কাকুর অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট! কতদিন বৃদ্ধি হলো?
বিশেষ প্রতিনিধি : কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। আগামী বাইশে এপ্রিল পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলে আজ উচ্চ আদালত জানিয়েছে।চিকিৎসার জন্য তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ প্রায় এক মাস বৃদ্ধি করল আদালত। এপ্রিল মাসের ২১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।
সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই বাহিনী নিয়ে বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ ‘কালীঘাটের কাকু’র। তাঁর বক্তব্য, ব্যক্তিগত শৌচাগারে পর্যন্ত ঢুকে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। আদালতে তাঁর আইনজীবী জানান, বাড়িতে নজরদারি চালাতে তাঁর শৌচাগার ব্যবহার করা হচ্ছে। সারা ক্ষণ এসি চালিয়ে বসে থাকছেন বাহিনীর জওয়ানেরা। সিবিআইয়ের আইনজীবী জানান, কোনও ব্যক্তির উপর নজরদারি চালাতে গেলে তাঁর বাড়িতেই থাকতে হবে বাহিনীর জওয়ানদের। ফলে আশ্রয়-সহ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন বাহিনীর।

‘কালীঘাটের কাকু’কে স্বস্তি দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বাড়ির দরজার বাইরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির বাইরে অস্থায়ী নির্মাণ করা হবে। সেখানে জওয়ানদের বসার এবং থাকার জায়গা থাকবে। গরমে জওয়নারদের জন্য পাখার বন্দোবস্ত করতে হবে। উচ্চ আদালত আরও জানায়, সুজয়কৃষ্ণের বাড়িতে চিকিৎসক এবং আত্মীয়েরা যেতে পারবেন। ব্যাঙ্কের এক জন কর্মীকেও প্রবেশের অনুমতি দিতে হবে।

