এপিক ইস্যুতে উত্তাল সংসদ, ওয়াক আউট বিরোধীদের
বাংলার জনরব ডেস্ক : একই এপিক নাম্বারে একাধিক ভোটার নিয়ে আজ মঙ্গলবারও উত্তপ্ত হলো রাজ্যসভা। মঙ্গলবার সংসদ বসার পরেই বিরোধীরা দাবি করতে থাকে এপিক ইস্যুতে সংসদে আলোচনা করতে হবে, বিরোধীদের এই প্রস্তাব খারিজ করে দেয় কেন্দ্র সরকার। এরপরই বিক্ষোভে সামিল হয় বিরোধিরা।জ়িরো আওয়ারে বিজেডি এবং তৃণমূল ওয়াকআউট করে। নেতৃত্বে ছিলেন বিজেডির সাংসদেরা। তার পর বিরোধী দলগুলির বাকি সাংসদেরাও ওয়াক আউট করেন।
সোমবারও রাজ্যসভায় এপিক নিয়ে আলোচনা চেয়ে কেন্দ্রের কাছে দাবি জানায় বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গের নেতৃত্বে বিরোধী দলগুলি ওই দিন এ বিষয়ে আলোচনার জন্য দাবি জোরালো করেন। কিন্তু এপিক নিয়ে বিতর্কে সরকার রাজি হয়নি বলে অভিযোগ তোলে বিরোধীরা। মঙ্গলবারেও সেই একই অভিযোগ তুলে রাজ্যসভা ছাড়লেন বিরোধী সাংসদেরা।

একই এপিক নম্বরে একধাকি ভোটারের বিষয়টি নিয়ে সরব হন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সেই দাবিকে সমর্থন জানিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’র একাধিক বিরোধী দল।

