‘এক দেশ এক ভোট’ বিল নিয়ে বিজেপির অন্দরে সংঘাত! নীতিন গডকরি সহ কুড়িজন বিজেপি সাংসদ বিল পেশের সময় অনুপস্থিত?
বাংলার জনরব ডেস্ক : এক দেশ এক ভোট বিল নিয়ে কি বিজেপি দলের মধ্যেই সংঘাত রয়েছে? এই বিল গতকাল মঙ্গলবার লোকসভায় পেশ হলেও সেখানে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ছিলেন বিজেপির কুড়িজন সাংসদ। তার মধ্যে রয়েছে নীতিন গডগড়ির মত কেন্দ্রীয় মন্ত্রীরা।
এক দেশ এক ভোট ব্যবস্থাকে দল মনে করে এক ঐতিহাসিক ব্যবস্থা, যা নরেন্দ্র মোদীর সরকারের হাত দিয়ে চালু হতে যাচ্ছে। সেই কারণে মঙ্গলবার সব সাংসদকে লোকসভায় হাজির থাকতে তিন লাইনের হুইপ জারি করা হয়েছিল। দেখা যায় বিজেপির কুড়িজন সাংসদ অধিবেশন কক্ষে অনুপস্থিতি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মন্ত্রী নীতিন গডকরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিং, শান্তনু ঠাকুরের মতো মন্ত্রীরা। বাংলার সাসংদ জগন্নাথ সরকারও সভায় ছিলেন না।

এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেসে সাংসদ শশী তারুর। তিনি বলেন, বিলটি পাশ করাতে দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন দরকার হবে। লোকসভা, রাজ্যসভাও কোথাও শাসক শিবিরের সেই সংখ্যা নেই। তার উপর বিল পেশের দিন হুইপ থাকা সত্ত্বেও বহু এমপি আসেননি।
মঙ্গলবার দিন ভর সাংসদদের অনুপস্থিতি নিয়ে জল্পনা চললেও কেউ স্পষ্ট করেননি অনুপস্থিতির কারণ। বেশি রাতে বিজেপির সংসদীয় দল সূত্রে জানা গিয়েছে, দল অনুপস্থিত সাংসদদের কারণ দর্শানোর নোটিস ধরাতে চলেছে। দলীয় সূত্রে খবর, এতজন সাংসদের অনুপস্থিতি নিয়ে বিরক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডারা।
মঙ্গলবার বিলটি পেশ করার অনুমতি সংক্রান্ত ভোটাভুটিতে সরকারের পক্ষে ২৬৯ এবং বিরোধীদের দিকে ১৯৮জন ভোট দেন। যদিও লোকসভায় বিলটি পাশ করাতে হলে ৩৬২জন সাংসদের সমর্থন দরকার। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র হাতে ওই সংখ্যা নেই। মনে করা হচ্ছে সরকার সেই কারণেই বিলটি সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে ঐকমত্য তৈরির লক্ষ্যে।

