দেশ 

দেশবিরোধী কাজে যুক্ত থাকলে বিদেশি অনুদান নয়, জানিয়ে দিল কেন্দ্র

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে আরও কড়াকড়ি করল কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে একটি নতুন নোটিস আপলোড করা হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে কোনও এনজিওর সঙ্গে যদি দেশবিরোধী কার্যকলাপ বা ধর্মান্তর বা জঙ্গি গোষ্ঠীগুলোর যোগ পাওয়া যায় তাহলে ওই সংস্থার FCRA লাইসেন্স বাতিল করবে কেন্দ্র। সঙ্গে আরও বলা হয়েছে, সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি ভঙ্গের কাজে যদি বিদেশি অনুদান ব্যবহৃত হয় তাহলেও ওই এনজিওর FCRA লাইসেন্স কেড়ে নেওয়া হবে।

FCRA লাইসেন্স ব্যবহার করেই বিদেশ থেকে অনুদান নেয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। তবে কেন্দ্রের সবুজ সংকেত ছাড়া বিদেশি অনুদান গ্রহণ করা যায় না। ২০১০ সালের ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের আওতায় রেজিস্ট্রেশন করতে হয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে। তবে গত কয়েকদিনে বেশ কয়েকটি এনজিওর বিদেশি অনুদান গ্রহণে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। কেন অনুদান নেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র মিলছে না, সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের জবাবও চেয়েছিল কয়েকটি সংস্থা।

Advertisement

তার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কোন কোন কারণে স্বেচ্ছাসেবী সংস্থার FCRA লাইসেন্স বাতিল হতে পারে, সেগুলো উল্লেখ করা হয়েছে সেখানে। তার মধ্যে অন্যতম হল, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যদি দেশবিরোধী কার্যকলাপের যোগ থাকে তাহলে বাতিল হবে অনুদান নেওয়ার ছাড়পত্র।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ