কালী পূজার বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা! খোলা চুলের গোছা জেনারেটরে আটকে গিয়ে মৃত্যু হল তরুণীর
শান্তিপুরের পর তাহেরপুর। ঠিক একই রকম দুর্ঘটনা! নদিয়ায় কালীপুজোর ভাসানে গিয়ে জেনারেটরের ইঞ্জিনে চুল জড়িয়ে প্রাণ হারালেন ১৮ বছরের এক তরুণী।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতার নাম দিয়া সরকার। নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজি নগর এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় হাই স্কুলে একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শুক্রবার রাতে বাদকুল্লা-২ গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার একটি বারোয়ারির কালীপুজোর বিসর্জন ছিল। রাতে শোভাযাত্রা বার হয়। তাতে এলাকার অনেকের সঙ্গে ছিলেন দিয়াও।
গড়িয়াপোতা ঘাটে প্রতিমা বিসর্জনের পর সকলে ফিরছিলেন। ঠিক তখনই বিপত্তি। অজান্তে চলন্ত ইঞ্জিনভ্যানে থাকা জেনারেটরের খোলা অংশের কাছে গিয়েছিলেন দিয়া। তাঁর মাথার লম্বা চুল খোলা ছিল। সেটা জেনারেটরের ভিতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে চুল পেঁচিয়ে যাওয়ায় গিয়ে জেনারেটরে হুমড়ি খেয়ে পড়েন দিয়া। মারাত্মক ভাবে জখম হন।
উপস্থিত স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে গেলেও শেষ রক্ষা হয়নি। অকুস্থলেই ছাত্রীটি মারা যান বলে খবর। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছোয় তাহেরপুর থানার পুলিশ। মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। শনিবার ওই হাসপাতালে ছাত্রীর ময়নাতদন্ত হচ্ছে।
বিসর্জনের কাজে ব্যবহৃত সমস্ত গাড়ি এবং ওই ইঞ্জিনভ্যানটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। কী ভাবে এমন দুর্ঘটনা হল, কারও অবহেলা বা ত্রুটির ফলে এমন ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কারও আটক বা গ্রেফতারির খবর মেলেনি।
এ র আগে শান্তিপুরে শোভাযাত্রা চলাকালীন খোলা চুল অসাবধানতাবশত জেনারেটরের চাকায় জড়িয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন সোমা বিন নামে এক যুবতী। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন তিনি।

