ভবানীপুর থানায় হাজিরা দিয়ে কী বললেন অভিষেক?
ভবানীপুর থানায় হাজিরা দিলেন মমতা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সমাজমাধ্যমে পোস্টের ভিত্তিতে তাঁকে তলব করেছিল পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। সময়ের আগেই তিনি থানায় পৌঁছে যান।
গত ২ মে এক্সে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। তার ভিত্তিতে ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। ওই মামলাতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
অভিষেকের পোস্ট নিয়ে আপত্তি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। অভিযোগ, জ্ঞানেশকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করে অভিষেক সমাজমাধ্যমে পোস্ট করে ঘৃণা ছড়িয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে সাংসদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করে পুলিশ। বিদ্বেষ ছড়ানো, হিংসাত্মক আহ্বান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযোগকারীর দাবি, অভিষেকের ওই এমন কিছু মন্তব্য করা হয়েছে যা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। এক জন সাংসদ হিসেবে সংবিধানের সার্বভৌমত্ব ও দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার শপথ নেওয়ার পরেও অভিষেক সমগ্র গুজরাতি সম্প্রদায়কে একটি ‘গ্যাং’ বা অপরাধী চক্র হিসেবে উল্লেখ করেছেন। এতে সম্প্রদায়ের অপমানের পাশাপাশি দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিও নষ্ট হতে পারে। তাই অভিষেকের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা উচিত বলে অভিযোগপত্রে উল্লেখ করেছিলেন অভিযোগকারী।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। একাধিক বার তিনি পুলিশ ও সিআইডি-র কাছে হাজিরা দিয়েছেন। শুক্রবার অন্য একটি মামলায় তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিতে গিয়েছিল পুলিশ। গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি পুলিশকে হুমকি দিয়েছেন। ওই মামলায় আগামী ২০ নভেম্বর অভিষেককে গিরিশ পার্ক থানায় হাজির হতে বলা হয়েছে। তার আগে মে মাসের মামলায় সাংসদকে তলব করা হল শনিবার।

