দেশ 

ভারতীয় রেলে ‘আরএসি’ টিকিট তুলে দেওয়া হচ্ছে! রহস্য?

শেয়ার করুন

ভারতীয় রেলে ‘রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন’ ‘আরএসি’ কি বন্ধের মুখে? তথা সম্ভাবনা অত্যন্ত জোরালো। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) আরএসি যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। রেল মন্ত্রক এই নিয়ে ভাবনা-চিন্তা করছে। বলেই খবর। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। এই নিয়ে সরকারিভাবে কিছু জানানোও হয়নি।

আসলে অতি-পুরনো এই প্রথা নিয়ে যাত্রী-অসন্তোষ, মতভেদ-বিতর্ক দীর্ঘদিনের। বর্তমান নিয়ম অনুযায়ী, আরএসি টিকিটে দু’টি যাত্রীকে একটি সাইড-লোয়ার বার্থ ভাগ করে নিতে হয়। অথচ দু’জনকেই পুরো ভাড়া দিয়ে টিকিট কাটতে হয়। একটি সিট দু’জন যাত্রী ‘শেয়ার’ করেন। এতে অনেকেরই অসুবিধা হয়। বিশেষ করে, যদি সেই দুই যাত্রীর মধ্যে একজন পুরুষ এবং অন্যজন মহিলা হন- সে ক্ষেত্রে হয়রানি আরও বাড়ে। পাশাপাশি, যদি যাত্রা দূরের হয়, বেশি সময়ের হয়, সে ক্ষেত্রে অনেক সময় যাত্রীদের মধ্যে এই নিয়ে বচসা হয়। কাজেই এহেন ‘আরএসি’ ব্যবস্থা যে ন্যায্য নয়- এই মত বহুদিনের।

বহু আগে এই নিয়ম চালু হয়েছিল। বর্তমানে এর কোনও যৌক্তিকতা নেই, কাজে লাগে না-যাত্রীদের বহুলাংশের এই পর্যবেক্ষণও নতুন নয়। আর সে কারণেই এই ব্যবস্থা তুলে দেওয়া নিয়ে বিগত বেশ কিছু সময় ধরেই দাবি ছিল। সূত্রের খবর, অবশেষে রেল আধিকারিকরা এই নিয়ে ভাবনা-চিন্তা করছেন।

প্রসঙ্গত, ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি সংসদে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল, যেখানে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) আরএসি যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া

নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। ‘ফুল বার্থ’ না পাওয়া যাত্রীদের আংশিক ভাড়া ফেরানোর ব্যবস্থা করার সুপারিশও করে কমিটি। সংসদে বিষয়টি উত্থাপিত হওয়ার পরই ‘আরএসি’ নিয়ে নতুন করে ভাবতে শুরু করছে রেল।

রেলের এক শীর্ষ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাত্রীদের সিংহভাগেরই মত, ‘আরএসি’ ন্যায্য পদক্ষেপ নয়। একটা গোটা ‘সিট’ এক জন যাত্রী পাচ্ছেনই না, তা-ও তাঁকে পুরো ভাড়ার টাকা গুনতে হচ্ছে- এটা অনেকেরই চোখে অনুচিত। তবে পুরো আরএসি ব্যবস্থা তুলে দেওয়া হবে নাকি যাত্রীদের আংশিক টাকা ফেরত দেওয়া হবে, তা চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, বন্দে ভারত স্লিপার এবং নতুন অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে আরএসি ব্যবস্থা রাখা হয়নি। সেখানে শুধুমাত্র কনফার্মড বার্থই দেওয়া হচ্ছে।

সৌজন্যে ডিজিটাল সংবাদ প্রতিদিন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ