কলকাতা 

রাজ্যের সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ইমেইল মুখ্য সচিবের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জটিলতা কাটাতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ সহ রাজ্যের সব কটি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। একথা জানিয়ে রবিবার রাজ্যের সমস্ত চিকিৎসক সংগঠনকে ইমেইল করেছেন মুখ্য সচিব আগামীকাল সোমবার বেলা সাড়ে বারোটায় সল্টলেক এর স্বাস্থ্য ভবনে এই বৈঠক হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি সংগঠনের দুজন করে প্রতিনিধি এই বৈঠকে যোগ দিতে পারবেন।কারা বৈঠকে থাকবেন তাঁদের নাম ইমেল করে জানাতে হবে।

তবে কোন কোন সংগঠনের প্রতিনিধিরা সোমবারের বৈঠকে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন পর্যন্ত চিকিৎসক সংগঠনগুলির তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

Advertisement

১০ দফা দাবি নিয়ে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশন করছেন কয়েক জন জুনিয়র ডাক্তার। শুধু কলকাতায় নয়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও দুই জুনিয়র ডাক্তার অনশন শুরু করেন। রবিবার জুনিয়র ডাক্তারদের অনশন নবম দিনে পড়ল। সকল অনশনকারীর শারীরিক অবস্থারই অবনতি ঘটছে। শরীরে দেখা দিচ্ছে নানা জটিলতা। ইতিমধ্যেই তিন জন জুনিয়র ডাক্তারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসিইউতে রেখে চিকিৎসা চলছে।

জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করে দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। এমনকি, অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে ‘গণইস্তফা’ও দিয়েছেন অনেক সরকারি চিকিৎসক। আইএমএ-সহ প্রায় প্রতিটি চিকিৎসক সংগঠনই পাশে রয়েছে জুনিয়র ডাক্তারদের। কলকাতায় এসে অনশনকারীদের সঙ্গে দেখা করে গিয়েছেন আইএমএ প্রেসিডেন্ট আরভি অশোকান।

অনশনকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগপ্রকাশ করে বিভিন্ন সময়ে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। এমনকি, সময় বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। তার মধ্যেই আইএমএ আগামী মঙ্গলবার দেশ জুড়ে ১২ ঘণ্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছে। ঘটনাচক্রে, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানিও। অনেকের মতে, শুনানিতে জুনিয়র ডাক্তারদের অনশনের বিষয়টি উঠতে পারে। তার আগেই জটিলতা কাটানোর উদ্যোগ নিলেন মুখ্যসচিব।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ