আরজিকরে সিবিআই তদন্তে অনাস্থা সংঘ প্রধানের! দোষীদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করলেন মোহন ভাগবত
বিশেষ প্রতিনিধি : দীর্ঘ দুমাস ধরে চুপ থাকার পর আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার দশেরা উৎসব উপলক্ষে আরএসএসের প্রধান কার্যালয় নাগপুরে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত আরজিকরের ঘটনাকে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করেছেন।একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান অভিযোগ তুললেন, পশ্চিমবঙ্গ সরকার আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার জড়িতদের আড়াল করার চেষ্টা করছে।
দশেরার রাবণবধ উৎসবের প্রাক্কালে নাগপুরে সঙ্ঘের সদর দফতরে আয়োজিত নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে শনিবার সকালে ভাগবত বলেন, ‘‘আরজি করের ঘটনা আমাদের সকলের কলঙ্ক। এমন ঘটনাটি ঘটতে দেওয়া উচিত নয়। আর ঘটলে সকলকে এক সঙ্গে তার মোকাবিলা করতে হবে। কিন্তু সেখানে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে।’’ কলকাতায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরও সমর্থন করেছেন আরএসএস প্রধান। তাঁর মন্তব্য, ‘‘পুরো দেশ আজ ডাক্তার ভাইদের পাশে রয়েছে।’’

কলকাতার আরজি কররে সঙ্গে মহাভারতের তুলনা টেনে ভাগবতের মন্তব্য, ‘‘মনে রাখতে হবে, দ্রৌপদীর পোশাকে কেউ স্পর্শ করলে মহাভারত ঘটে যায়। আরজি করে এমন জঘন্য অপরাধের পরেও অপরাধীদের আড়াল করার জন্য কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে।’’ নাগপুরের সভায় দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরসঙ্ঘচালক ভাগবত। তাঁর মতে, সামগ্রিক ভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তার ফলেই ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। আক্রান্ত হচ্ছে মাতৃশক্তি।
আরএসএস প্রধান মোহন ভাগবত যেভাবে আরজিকর কান্ডে দোষীদের আড়াল করা হচ্ছে বলে মন্তব্য করলেন তাতে তিনি কি কেন্দ্রীয় সরকার পরিচালিত সিবিআই-এর প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন। কারণ আরজিকর ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তারা এখনো পর্যন্ত একজনের বিরুদ্ধেই চার্জশিট দিতে সক্ষম হয়েছে। দোষীদের আড়াল করা হচ্ছে বলে ভাগবতের এই মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে সিবিআই তদন্তে তাহলে কি আরএসএস প্রধানের অনাস্থা রয়েছে? সিবিআই তে তদন্ত করছে তার প্রতি কোথাও আরএসএস প্রধানের প্রশ্ন রয়েছে? সিবিআই এর তদন্ত সঠিক পথে হচ্ছে না বলে কি আরএসএস প্রধান মনে করেন

