অনশনের জেরে গুরুতর অসুস্থ অনিকেত ও স্নিগ্ধা! আর জি করের আইসিইউতে ভর্তি অনিকেত
বিশেষ প্রতিনিধি : অনশন কর্মসূচিতে অংশ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার গভীর রাতে কার্যত আচ্ছন্ন অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শরীরে জলের পরিমাণ কমে যাওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েন অনিকেত।
বর্তমানে আর জি করের সিসিইউতে চিকিৎসা চলছে তাঁর। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের মেডিক্যাল টিম। চিকিৎসকেরা জানাচ্ছেন, জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর অবস্থা এখনও আশঙ্কাজনক। অনিকেতের শরীরে জলশূন্যতা ছিল। তাঁর মূত্রে কিটোন বডিও পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই অনিকেতের চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্মতলার মঞ্চে গিয়ে অনিকেতের স্বাস্থ্য পরীক্ষা করেন আরজি করের চিকিৎসক সৈকত নিয়োগী। তিনি জানিয়ে দেন, অনিকেতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন।

আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা জরুরি তাঁকে। এর পরে রাতে অনশনমঞ্চে যান রাজ্য সরকার গঠিত চার চিকিৎসকের একটি দল। অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁরা জানান, অনিকেতের পাশাপাশি অনশনকারী আর এক জুনিয়র চিকিৎসক স্নিগ্ধা হাজরারও শারীরিক অবস্থা তুলনামূলক ভাবে বেশি খারাপ। অনিকেত এবং স্নিগ্ধা দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো দরকার বলে তাঁরা জানান।

