চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, প্রেমিক সহ পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ
বিশেষ প্রতিনিধি: প্রেমিকের প্রতারণার শিকার হয়ে জলপাইগুড়ির মালবাজারের এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রেমিক সহ পাঁচজনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার তাঁদের জেল হেফাজতে পাঠিয়েছে আাদালত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী সিকিমে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। তখনই স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তার পর ওই যুবক তাঁকে চা বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। যুবকের পাশাপাশি আরও চার জন সঙ্গী তরুণীকে ধর্ষণ করেছেন, পুলিশকে তেমনটাই জানানো হয়েছে।
জলপাইগুড়ির মালবাজার থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা তরুণী কর্মসূত্রে সিকিমে থাকতেন। ছুটিতে বাড়ি আসার পরেই এই ঘটনা। তরুণীর পরিবার বুধবার মালবাজার থানায় অভিযোগ দায়ের করে। জানানো হয়, স্থানীয় যুবক অর্থাৎ তরুণীর প্রেমিক চা বাগানে আরও চার জনকে নিয়ে এসেছিলেন। মোট পাঁচ জন মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। পুলিশ বুধবারই এই ঘটনার তদন্ত শুরু করেছিল। মূল অভিযুক্ত–সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করানো হয়েছিল।
মালবাজারের এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় এ প্রসঙ্গে বলেন, ‘‘বুধবার এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছিল। দ্রুত আমরা পদক্ষেপ করি। নির্যাতিতাকে সবরকম সাহায্য করা হয়েছে। তদন্তের পর এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে মূল অভিযুক্তও রয়েছেন। তদন্ত চলছে।’’
সরকারি আইনজীবী মৃণ্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘একটি গণধর্ষণের ঘটনায় পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করেছিল পুলিশ। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে তাঁদের পাঠানো হয়নি।’’

