মালদহে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু ৬ আহত ১
বিশেষ প্রতিনিধি : মালদহে ভয়াবহ পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের আহত একজন তাকে গুরুতর অবস্থায় মালদহ মেডিকেল কলেজের ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টার দিকে যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায়। লরিটি পাশের নয়নজলিতে পড়ে যায়। গাড়িটিতে চালক-সহ সাতজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দু’জনকে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।
মৃতরা প্রত্যেকেই মালদহের বাসিন্দা। নিহতদের বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। প্রত্যেকের বয়স ১৮-২০। ঘটনায় প্রাণ হারানো সাকিউল শেখ (১৮), পারভেজ শেখ (১৮) ও নাইম শেখের (২০) বাড়ি কালিয়াচক-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলিপুরে। মৃত মাসিদুর শেখ (১৮) আলিপুর -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার বাসিন্দা। মৃত আরও দু’জনের নাম জানা যায়নি।

