প্রধানমন্ত্রীও উপরাষ্ট্রপতিকে উপহাস করেছিলেন ভিডিও শেয়ার করে দাবি কংগ্রেসের
বাংলার জনরব ডেস্ক : উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মিমিক্রি কাণ্ড নিয়ে বিজেপি যখন দেশজুড়ে ‘হল্লা’ করার চেষ্টা করছে, তখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরনো ‘কীর্তি’ শেয়ার করল কংগ্রেস। কংগ্রেসের দাবি, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম নন, অতীতে সংসদে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে নকল করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
কংগ্রেস (Congress) নেতা জয়রাম রমেশ ২০১৭ সালের ১০ আগস্টের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিদায়ী ভাষণে তাঁকেই নকল করছেন মোদি।
It was August 10, 2017 during the farewell to Shri. Hamid Ansari, who was retiring as Vice President and Chairman of the Rajya Sabha after a long ten year tenure. It was then most shockingly that the Prime Minister mocked Mr. Ansari, one of India's most distinguished diplomats,… pic.twitter.com/sNRCtauWEq
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 20, 2023
ভিডিও শেয়ার করে জয়রাম রমেশ বলছেন, ২০১৭ সালের ১০ আগস্ট হামিদ আনসারির বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁকে নকল করেছেন। হামিদ আনসারি দেশের অন্যতম সেরা কুটনীতিকদের একজন ছিলেন। ১০ বছর উপরাষ্ট্রপতি পদে ছিলেন। অথচ তাঁর পরিচিতিকে তাঁর ধর্মের সঙ্গে জুড়ে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী এই ধরনের লজ্জাজনক কাজ করতে পারেন, “তাঁর এবং তাঁর অনুগামীদের অন্যের অপমান নিয়ে হইচই করাটা দ্বিচারিতা ছাড়া কিছুই নয়।”
আসলে জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) নকল করে যে বিতর্কের জন্ম দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ভোটবাক্সে সেই বিতর্কের ফায়দা তুলতে চেষ্টার কসুর করছে না বিজেপি। ধনকড়ের এই ‘অপমান’কে একাধারে উপরাষ্ট্রপতি, সংবিধান, এবং জাট সম্প্রদায়ের অপমান হিসাবে দেখানো হচ্ছে।

