দাসপুরে রুপোর কারখানায় বিস্ফোরণ দুই নাবালকসহ জখম ৬
বাংলার জনরব ডেস্ক : পশ্চিম মেদনীপুরের দাসপুরে অবস্থিত এক রুপোর কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই আগুনে ঝলসে জখম হয়েছেন দুজন নাবালকসহ মোট ছজন। এরা সকলেই ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন সাড়ে সাতটা হবে। দাসপুরের নুনিয়াগাদার রুপোর কারখানায় কাজ চলছিল। আচমকাই ছোট দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। তাতে ২ নাবালক-সহ ৬ জন জখম হন। তাঁদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুরু হয় চিকিৎসা।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী। কারখানায় পৌঁছন মালিক বাপি চাকিও। তিনি জানান, বিস্ফোরণের সময় কারখানায় ছিলেন না। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ওই কারখানায় আদৌ অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানায় কেনই বা নাবালক কাজ করছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

