ভোট গ্রহণের পরেই ইভিএম উধাও, তীব্র চাঞ্চল্য রাজস্থানে সাসপেন্ড আধিকারিক
বাংলার জনরব ডেস্ক : নির্বাচন প্রক্রিয়া সমাধা হওয়ার পর থেকে একটি ইভিএম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ১৯৯ আসনে। এই আসনে গত ২৫ শে নভেম্বর ভোট গ্রহণ করা হয় বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে ২৬ শে নভেম্বর থেকে একটি ইভিএম উধাও হয়ে গেছে। ইতিমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশন করা পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
রাজস্থানের ১৯৯ আসনে ভোটগ্রহণ হয়েছে গত ২৫ নভেম্বর। সূত্রের খবর, তার পরের দিন অর্থাৎ ২৬ নভেম্বরই একটি ইভিএম উধাও হয়ে যায়। সেটি রাখা ছিল জেলা নির্বাচনী আধিকারিক পঙ্কজ জাখরের গাড়িতে। ইভিএমটি উধাও হওয়ার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও সেটিকে উদ্ধার করতে পারেনি। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

যদিও নির্বাচন কমিশনের সাফাই, হারিয়ে যাওয়া ওই ইভিএমটি ভোটের কাজে ব্যবহার হয়নি। ভোটের কাজে যে ইভিএমগুলি ব্যবহার হয়েছে সেগুলি নিরাপদেই রয়েছে। ওই ইভিএমগুলির নিরাপত্তাও পোক্ত। তাছাড়া যে আধিকারিকের জিম্মা থেকে ইভিএমটি হারিয়েছে, সেই নির্বাচনী আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছে। যদিও ইভিএম উধাওয়ের ঘটনার নেপথ্যে চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস।
উল্লেখ্য, ২০০ আসনের রাজস্থান বিধানসভায় এবার টানটান লড়াইয়ের ইঙ্গিত মিলেছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়। কংগ্রেসের আশঙ্কা কঠিন লড়াইয়ে গণনাকেন্দ্রেও কারচুপি করতে পারে বিজেপি।

