কলকাতা 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রায় চার লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে দাবী মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সাতটি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে নাকি অভাবনীয় সাফল্য এসেছে বলে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সব মিলিয়ে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, দু’দিনের সম্মেলন শেষে জানালেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানালেন, এবারের বাণিজ্য সম্মেলনে দেশবিদেশের শিল্পপতিদের সঙ্গে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে। যা বিপুল কর্মসংস্থানের দিশা দেখাবে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী দিনে শিল্প এবং বিনিয়োগের গন্তব্য বাংলায়। এবারের বাণিজ্য সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিল্পপতিরা অংশ নিয়েছেন। তাঁদের মমতা বুঝিয়ে দিলেন, বাংলাই লগ্নির সেরা ঠিকানা। এখানকার প্রশাসনের স্থায়িত্ব, ল্যান্ড ব্যাঙ্ক, জমি নীতি, যোগাযোগ ব্যবস্থা সব কিছু শিল্পের জন্য আদর্শ। মুখ্যমন্ত্রীর আহ্বান, “বাংলা সবচেয়ে নিরাপদ জায়গা। আপনাদের স্বাগত জানাতে আমরা তৈরি। দেশে ফিরে বন্ধুদের বলুন, বাংলায় বিনিয়োগ করতে।” বিদেশের শিল্পোদ্যগীদের আগামী বিজিবিএসের জন্য নেমন্তন্নও করেছেন মমতা।

এসবের মাঝেও অবশ্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন,”এখানে কেন্দ্রে একটা সরকার, আর রাজ্যে আরেকটা সরকার। কেন্দ্রের সরকার, রাজ্যের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে। অতিরিক্ত কর চাপিয়ে চাপ সৃষ্টি করছে।”

বস্তুত, দু’দিনের শিল্প সম্মেলনের সুরটা প্রথম দিন বেঁধে দিয়েছিলেন মুকেশ আম্বানি। একাই ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছিলেন তিনি। আম্বানির পথ ধরে বহু দেশি-বিদেশি শিল্পপতি গত দু দিনে বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন। এমনকী বিনিয়গের ইচ্ছাপত্রও জমা দিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ