জেলা 

২৫৩ টি বেসরকারি বি.এড কলেজের অনুমোদন বাতিলের প্রতিবাদ জানালো এসডিপিআই

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রাজ্যের ২৫৩ টি বি.এড কলেজের অনুমোদন বাতিল করার যে সিদ্ধান্ত বি এড বিশ্ববিদ্যালয় নিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন রাজ্যের ৬২৪ টি বি.এড কলেজের মধ্যে ৬০৩ টি কলেজ বেসরকারি, যার মধ্যে ২৫৩ টি কলেজ বাতিল করেছে বি.এড বিশ্ববিদ্যালয়। মূলত যে কারণে বাতিল করা হয়েছে তা খুবই দুঃখজনক। “ফায়ার সেফটি সার্টিফিকেট না থাকা, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকা ও শিক্ষকদের যথাসময়ে বেতন না দেওয়ার অভিযোগ তুলে বাতিল করা হয়েছে কলেজগুলো। অথচ রাজ্যের অসংখ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম শিক্ষক না থেকেও চলছে শিক্ষা প্রতিষ্ঠান।

এমনও স্কুল আছে যেখানে দুই হাজার ছাত্র ছাত্রী আর শিক্ষক শিক্ষিকা মাত্র চারজন। এমনও বিশ্ববিদ্যালয় আছে যেখানে স্থায়ী অধ্যাপক পর্যন্ত নেই। যেখানে নূন্যতম শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পথে সেখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকায় হঠাৎ এতগুলো বি.এড কলেজ বাতিল করার যে সিদ্ধান্ত বিএড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন তা মেনে নেওয়া যায় না।

কোন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমান শিক্ষক আছে কি না, তাদের বেতন দেওয়া হয় কি না তা যাচাই করার দায়িত্ব সরকার ও শিক্ষা দফতরের। এভাবে হঠাৎ করে বাতিল করে দিয়ে হাজারো শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার  অধিকার নেই বলে তিনি দাবি করেছেন।  তিনি আরও দাবি করেন চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া ও নির্দেশিকা পূরণ করা পর্যন্ত নতুন শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার নোটিশ জারি করুক বি.এড বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বি.এড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ২৫৩ টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছেন। এখন প্রশ্ন উঠছে যদি ফায়ার সেফটি না থাকে কিংবা যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে তাহলে এতদিন ধরে এই বেসরকারি কলেজ গুলিকে কেন অনুমোদন দিয়েছিল বিএড বিশ্ববিদ্যালয়। প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন ধরে এসব জেনে শুনে এইসব বেসরকারি বিএড কলেজ গুলি অনিয়ম করার পরেও বি এড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব থেকে বেআইনি কাজ করতে মদদ দিয়েছে! এখন প্রশ্ন উঠছে কেন এত তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে বিএড কলেজগুলিকে বন্ধের নির্দেশ দেওয়া হল!

 

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ