যেসব বেসরকারি মাদ্রাসার রেজিস্ট্রেশন নেই তাদেরকে ১০০০০ টাকা জরিমানা দিতে হবে, নির্দেশ যোগী সরকারের
বাংলার জনরব ডেস্ক : সরকারের কাছেই রেজিস্ট্রেশন করা নেই এমন মাদ্রাসাগুলিকে দশ হাজার টাকা করে জরিমানা দেওয়ার বিধান দিল উত্তরপ্রদেশের যোগী সরকার। জানা গেছে সম্প্রতি রাজ্য সরকারের বুনিয়াদি শিক্ষা দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে অবিলম্বে রাজ্যের মাদ্রাসা গুলির সমস্ত কাগজপত্র দফতরে জমা দিতে হবে।
যেসব মাদ্রাসাগুলির কাগজপত্র ঠিক নেই বা রাজ্য সরকারের বুনিয়াদি শিক্ষা দফতরের কাছে অনুমোদন নেওয়া হয়নি সেইসব মাদ্রাসা কর্তৃপক্ষের পরে দশ হাজার টাকা করে জরিমানা করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই এর তীব্র নিন্দা করেছে জমিয়েতে উলামায়ে হিন্দ। এই সংগঠনের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন বলেছেন কেবলমাত্র একটি সম্প্রদায়কে নিশানা করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাদ্রাসা গুলি মূলত দানের টাকায় পরিচালিত হয় এখানে গরিব অসহায় পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে সুতরাং এইসব মাদ্রাসার ক্ষেত্রে দশ হাজার টাকা জরিমানা দেওয়ার সম্ভব নয়। এখুনি এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। মওলানা জাকির হোসেনের ভাষায়, ”মাদ্রাসাগুলো শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দিচ্ছে। তাদের পক্ষে দৈনিক ১০ হাজার টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়।”
সূত্রের খবর, উত্তরপ্রদেশে প্রায় ২৪ হাজার বেসরকারি মাদ্রাসা রয়েছে এর মধ্যে মাত্র আট হাজার মাদ্রাসা বুনিয়াদি শিক্ষা দফতরের রেজিস্ট্রেশন পেয়েছে। বাকি ১৬ হাজার মাদ্রাসার কোন রেজিস্ট্রেশন নেই যোগী সরকার মূলত এই মাদ্রাসা গুলিকে নিশানা বানিয়েছে।

