ভুয়ো জব কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অর্থ তছরুপের অভিযোগে রাজ্যের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বাংলার জনরব ডেস্ক : ভুয়ো জব কার্ডের মাধ্যমে এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের যে অর্থ তছরুপ হয়েছে ১০০দিনের কাজে, তার তদন্ত অবিলম্বে করার দাবি জানালেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার দিল্লিতে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আন্দোলনরত তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে দেখা করার কথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির। তৃণমূল প্রতিনিধি দলের দেখা করার আগেই ওই কেন্দ্রীয় মন্ত্রিস সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু বলেন, ‘‘আমি যা তথ্য নিয়ে এসেছি, সব জমা দিয়েছি। কী ভাবে ভুয়ো কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি অর্থ তছরুপ হয়েছে, তার বিষয়ে যাবতীয় তথ্য তুলে দিয়ে জানিয়েছি, দ্রুত যেন দুধ থেকে জল আলাদা করার প্রক্রিয়া চালু করা হয়।’’ এই সাক্ষাতের বিষয় নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলেও জানিয়েছেন শুভেন্দু। তিনি লিখেছেন, ‘‘মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি অর্থ তছরুপ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানেরা কী ভাবে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট আইনের অধীনে কাজ দেওয়ার নামে হাজার হাজার কোটি টাকা তছরুপ করেছে, তা জেনেছেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য সরকারের কর্মীদের ভূমিকাও আতশকাচের নীচে।’’ শুভেন্দু এ-ও জানিয়েছেন, এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

‘কেন্দ্রীয় বঞ্চনা’র অভিযোগ তুলে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। মঙ্গলবার এই অভিযোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির সঙ্গে দেখা করার কথা তৃণমূলের প্রতিনিধি দলের। তার আগে মন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু। এই নিয়ে তিনি আগে বলেছিলেন, ‘‘যাঁরা জেনুইন (প্রকৃত) জব কার্ড হোল্ডার, তাঁদের নিয়ে তো আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমি দিল্লিতে গিয়ে সুনিশ্চিত করব, ভুয়ো জব কার্ডে যাঁরা টাকা তুলছেন, তাঁরা যেন আইনের আওতায় আসেন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত যে পঞ্চায়েত প্রধানেরা ভুয়ো জব কার্ড ইস্যু করেছেন, তাঁদের বিরুদ্ধেও যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’’
ভুয়ো জব কার্ড নিয়ে অবশ্য পাল্টা বক্তব্য রেখেছে তৃণমূলও। ১০০ দিনের কাজের জব কার্ড বাতিল করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তারা। পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয় অবিজেপিশাসিত রাজ্যগুলির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার।

