কেন্দ্রে ক্ষমতা পেলে জাত গণনা শুরু করব, জিতনি আবাদী উতনি হক দেওয়া হবে : রাহুল গান্ধী
বাংলার জনরব ডেস্ক : জিতনি আবাদি উতনা হক স্লোগানকে সামনে রেখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মধ্যপ্রদেশে ভোট প্রচার শুরু করেছে। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দল দিল্লিতে ক্ষমতায় এলে তারা জাত গণনা শুরু করবে বলে রাহুল গান্ধী মধ্যপ্রদেশের এক নির্বাচনী সভায় জানিয়েছেন।কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার ভোটমুখী রাজ্য মধ্যপ্রদেশে দলের কর্মসূচিতে জানিয়ে দিলেন কেন্দ্রে ক্ষমতায় এলে ওবিসিদের প্রকৃত সংখ্যা জানার জন্য জাতসুমারি করাবে কংগ্রেস।
শাজাপুর জেলার কালাপিপলে কংগ্রেসের সভায় রাহুল বলেন, ‘‘ক্ষমতায় আসার পরেই, আমরা প্রথম কাজটি যা করব তা হল, দেশের ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতভিত্তিক গণনা করা। কারণ তাঁদের সঠিক সংখ্যা কেউ জানেন না।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার নিজের ওবিসি পরিচয় তুলে ধরে দাবি করেছেন, ওবিসিদের জন্য তাঁর জমানায় যত কাজ হয়েছে, তা আগে হয়নি। তা নিয়ে প্রশ্ন তুলে আগেই রাহুল অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকার যাঁরা চালান, সেই সরকারি সচিবদের ৯০ জনের মধ্যে মাত্র তিন জন ওবিসি।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কংগ্রেসের অঙ্ক ওবিসি-দের জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকলেও আসলে জনসংখ্যায় তাদের হার বেশি। আসল সংখ্যা প্রকাশ্যে এলে ওবিসি কোটায় আরও সংরক্ষণের দাবি উঠবে। তাতে উচ্চবর্ণ বা জেনারেল ক্যাটেগরি এবং ওবিসি, দু’দিক থেকেই চাপে পড়বে বিজেপি। জেডিইউ, আরজেডি-র পাশাপাশি এসপি-ও এই প্রশ্নে কংগ্রেসের পাশে থাকবে। সন্তুষ্ট হবে তামিলনাড়ুর ডিএমকের মতো ‘ইন্ডিয়া’র শরিকও। ভোট আর জোটের সেই ছক মেনেই রাহুলের ‘জিতনি আবাদি, উতনা হক’ (যে জনগোষ্ঠীর যত সংখ্যা, সংরক্ষণে তার তত অধিকার) স্লোগান।

