কলকাতা 

আদালতের নির্দেশ মেনে সিবিআইয়ের সিট প্রধানের হাজিরা, সিটের সদস্যদের বিরুদ্ধে কোন পদক্ষেপ করতে পারবেনা কলকাতা ও রাজ্য পুলিশ এবং আলিপুর আদালতের বিচারককে বদলির নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাই কোর্টে হাজিরা দিলেন সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রধান অশ্বিন শেণভি। তাঁর বক্তব্য শোনার পরেই বুধবার জোড়া নির্দেশ দিলেন উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিটের আধিকারিকদের ‘পুলিশি হেনস্থা’ মুখে পড়ার অভিযোগ শুনে বিচারপতির নির্দেশ, সিটের কোনও আধিকারিককে আর হয়রানি করতে পারবে না কলকাতা ও রাজ্য পুলিশ। রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরেও আনতে চান বিচারপতি। তাঁর মন্তব্য, ‘‘ওঁদের (সিবিআই সিটের আধিকারিকদের) যেন টাচ (ছোঁয়া) না করা হয়। দুর্নীতির সঙ্গে কোনও আপোস নয়।’’ এরই পাশাপাশি, আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কেও আগামী ৪ অক্টোবরের মধ্যে বদলির নির্দেশ দিলেন বিচারপতি।

সিবিআই তদন্তের ‘ধীর গতি আর গা-ছাড়া মনোভাবের’ কড়া সমালোচনা করে গত ১৯ সেপ্টেম্বর সিবিআই সিটের প্রধানকে আদালতে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতোই বুধবার হাজিরা দেন অশ্বিন। তাঁর কাছে বিচারপতি জানতে চান, তদন্ত করতে গিয়ে কোনও বাধার মুখে পড়তে হচ্ছে কি না তদন্তকারীদের। তার জবাবে অশ্বিন দাবি করেন, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে আধিকারিকদের ‘পুলিশি হেনস্থা’র মুখে পড়তে হচ্ছে। তার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, রাজ্য এবং কলকাতা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে। তাদের দক্ষতা নিয়ে তিনি কিছু বলতে চান না। কিন্তু যেখানে আদালতের নির্দেশে কোনও তদন্ত চলছে, সেখানে কোনও ভাবেই তাদের ঢোকা উচিত নয় বলেই মত বিচারপতি। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের উদ্দেশে তাঁর নির্দেশ, তারা সিটের কোনও আধিকারিককে আর হয়রানি করতে পারবে না। আদালতের এই নির্দেশ না মানলে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে বিচারপতির মন্তব্য, ‘‘রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নজরে আনতে চাই যে, ইডি এবং সিবিআইয়ের সিটের আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ পুলিশ যেন না করে।’’

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ