জেলা 

“ইন্ডিয়া নয়, দেশের নাম রাখা হবে ভারত,যাঁর বা যাঁদের পছন্দ হবে না, তাঁরা দেশের বাইরে চলে যেতে পারেন” : দিলীপ ঘোষ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: ইন্ডিয়া-ভারত নিয়ে তীব্র ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “ইন্ডিয়া নয়, দেশের নাম রাখা হবে ভারত। যাঁর বা যাঁদের পছন্দ হবে না, তাঁরা দেশের বাইরে চলে যেতে পারেন।” সব পালটে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল ও সিপিএম। তাদের কটাক্ষ, দলে কল্কে পান না দিলীপ। তাই ভেসে থাকতে এসব আলটপকা মন্তব্য় করছেন।

দিলীপ ঘোষের কথায়, “India নয়, দেশের নাম রাখা হবে শুধুমাত্র ভারত।” যারা এর বিরোধিতা করবেন তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার নিদান দেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি। শুধু তাই নয়, তাঁর হুঙ্কার, “সব পালটাচ্ছে। পালটে দেব আমরা। কারোর হিম্মত নেই আটকে রাখার।” তাঁর প্রশ্ন, “যার আজ বিরোধিতা করছে…তামিলনাড়ু যেমন, তাহলে মাদ্রাজকে চেন্নাই করা হল কেন? ভারতের বেশির ভাগ বড় শহরের নাম পালটে গিয়েছে।”

Advertisement

এ প্রসঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “ব্রিটিশ, পর্তুগিজ, মোঘলরা হাজার বছর দেশকে পদদলিত করে রেখেছিল। তাঁদের কোনও চিহ্ন ভারতে থাকবে না। কলকাতার রাস্তায় বহু ব্রিটিশদের মূর্তি ছিল। এখন ক’টা আছে? একটা দু’টো এখনও রয়েছে। সব তুলে উপড়ে ফেলব, খালি বিজেপি ক্ষমতায় আসুক।”

দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল ও সিপিএমের প্রতিনিধিরা। তৃণমূল সাংসদ শান্তনু সেনের কথায়, “দেশের স্বাধীনতার যুদ্ধে বিজেপি অংশ নিয়েছিল? ওরা তো মুচলেকা দিয়েছিল। ক্ষমা চেয়েছিল। ওরা কীভাবে স্বাধীনতা নিয়ে কথা বলে। আসলে দলে কল্কে পাচ্ছে না দিলীপ ঘোষ। তাই ভেসে থাকার চেষ্টা করছেন।” সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, “দলেই ওঁকে কেউ পাত্তা দেয় না। তাই এসব বলছেন।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ