অনুসন্ধান আয়োজিত মাধ্যমিক প্রস্তুতি মাসিক পরীক্ষায় দ্বিতীয়বার প্রথম হল প্রিয়নাথ ইনস্টিটিউশন-এর ছাত্র দেবজ্যোতি
নিজস্ব প্রতিনিধি : আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনুসন্ধান কলকাতা ৮ মাস ব্যাপী আয়োজন করেছে বিশেষ প্রস্তুতি পরীক্ষা এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস। এই দুটি কার্যক্রম-ই সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের, মূলত প্রান্তিক ছাত্র-ছাত্রীদের জন্য। প্রতি মাসের শেষ রবিবার থাকে নির্দিষ্ট সিলেবাসে সাতটি বিষয়ের এমসিকিউ প্রশ্নের উপরে পরীক্ষা আর মাসের বিভিন্ন সময়ে সুবিধামতো অনলাইনে নেওয়া হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস। বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে এই ব্যবস্থা বলে জানালেন অনুসন্ধান কলকাতার পরীক্ষা বিভাগের পরিচালক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল। বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে, তবে অধিক পরিমাণ ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেখা যাচ্ছে মূলত কলকাতা থেকেই। সম্ভবত অনলাইনে গুগল ফর্মে এখনো সড়গড় না হওয়ার কারণেই এই অবস্থা।
প্রতি মাসের পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃতও করা হয়। প্রতিমাসে পুরস্কার পাঠানোর এই দায়িত্ব স্বেচ্ছায় নিয়ে নিয়েছেন শিশু সাহিত্য সংসদ প্রকাশনা সংস্থার কর্ণধার দেবজ্যোতি দত্ত।

জুন মাসের এই পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত বনমালীপুর হাই স্কুলের ছাত্র দেবজ্যোতি পাল। দেবজ্যোতি আগেও আর একবার এই পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছিল। তার প্রাপ্ত নম্বর ৬৪, ফুল মার্কস ৭০। দেবজ্যোতির এই কৃতিত্বে খুশি তার বাবা-মা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তার সাফল্যকে স্বাগত জানিয়ে আগামী দিনে মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষা প্রস্তুতিতে পাশে থাকার বার্তা দিয়েছেন অনুসন্ধান কলকাতার সভাপতি বিশিষ্ট প্রধান শিক্ষক শেখ আলী আহসান।

নিচে দেওয়া হল কৃতী ছাত্র দেবজ্যোতি পাল এর একান্ত সাক্ষাৎকার :-
১) দেবজ্যোতি, অনুসন্ধান কলকাতা-এর আয়োজনে মাসিক এই পরীক্ষায় তুমি দুবার প্রথম হলে, তোমাকে অভিনন্দন।
উত্তর: আপনাদের আশীর্বাদ নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি তার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করি।
২) সামনেই সেকেন্ড সামেটিভ, তারপর টেস্ট পরীক্ষাৄ। পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিচ্ছ?
উত্তর: টেস্ট পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই।
তাই টেস্ট পরীক্ষাকে আমি মাধ্যমিক পরীক্ষার সাথে সমান গুরুত্বপূর্ণ মনে করে সেই অনুযাই প্রস্তুতি নিচ্ছি।
তার আগে সিলেবাস সম্পূর্ণ হবে?
উত্তর: অবশ্যই, তার আগে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই আমার তিনটি বিষয়ের সিলেবাস সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ণ শেষ হয়ে যাওয়ার পরে সিলেবাস শেষ হয়ে যাবে।
টোটাল কত মার্কস আসবে বলে মনে হচ্ছে?
উত্তর: নম্বরটা নির্ভর করে আমার পড়ার ওপরে এবং পরীক্ষার প্রশ্নের প্রকৃতি ওপরে। তাই এক কথায় বলতে গেলে আমার প্রস্তুতি যদি ভালো হয় এবং প্রশ্ন যদি আশানুরূপ হয়, তাহলে আশি থেকে নব্বই শতাংশ পাওয়ার আশা রাখি।
৩) টেষ্টের পর পড়াশোনায়
কিছুটা কী বদল আসবে ?
কী পরিকল্পনা?
উত্তর: টেস্টের পর পড়াশোনার সেরকম পরিবর্তন আসবে বলে মনে হয় না। ইতিমধ্যে কনসেপ্টে কিংবা উত্তর লেখার ক্ষেত্রে যে জায়গায় অসুবিধা সম্মুখীন হব, তা টেস্ট এর পর সংশোধন করার চেষ্টা করব।
৪) প্রিয় বিষয় কী? ভবিষ্যতে কী নিয়ে পড়তে চাও?
উত্তর: এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তাও আমার প্রিয় বিষয় অংক এবং বিজ্ঞান।
মাধ্যমিক-এ প্রাপ্ত নম্বর এবং আরো কতগুলি বিষয়ের উপর ভিত্তি করে স্থির করব কোন বিষয় নিয়ে ভবিষ্যতে পড়া যায়যে বিষয়ে বেশি নম্বর পাব, সেই বিষয় নিয়ে পড়ব ভবিষ্যতে।
৫) পড়াশোনায় তোমার রোল মডেল কেউ আছে?
উত্তর: আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং বন্ধুরা যারা আমাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে তারা সকলেই আমার রোল মডেল। এছাড়াও আমার পিতা-মাতা আমার রোল মডেল।

৬) সবার সেরা আমাদের দেশ। যে যে দিকে সেরা তার যেকোনো দুটি দিক নিয়ে যদি বলো।
উত্তর:
i).প্রথমতই ভারতের ছাত্র ছাত্রীরা অন্যান্য দেশের তুলনায় পড়াশুনা এবং অন্যান্য সমস্ত বিষয়ে যেমন প্রযুক্তিবিদ্যা কৃষি বিদ্যা, প্রভৃতিতে তুলনামূলকভাবে অনেক এগিয়ে রয়েছে।
ii) পড়াশুনা ব্যতীত খেলাধুলা এবং অন্যান্য সংস্কৃতিতেও ভারত অনেক এগিয়ে।
৭) সমাজের জন্য আমরা একক বা যৌথভাবে কিছু কী করতে পারি? কি মত তোমার?
উত্তর: সমাজের উন্নতি তখনই হবে যখন সমাজের প্রতিটি লোক শিক্ষিত হয়ে বিবেচনা বোধ সম্পন্ন হবে। তাই একজন ছাত্র হিসাবে আমি এটা বলতে পারি যে, আমরা যৌথভাবে সমাজকে শিক্ষিত করে তুলতে পারি।
৮) অনুসন্ধান কলকাতার শিক্ষা-সংস্কৃতি মূলক কর্মসূচি সম্পর্কে তোমার মন্তব্য।
উত্তর: অনুসন্ধান দলের সাথে যুক্ত হওয়ার আমার বেশিদিন হয়নি। কিন্তু যেদিন থেকে আমি যুক্ত হয়েছি সেদিন থেকে দেখেছি পড়াশুনায় বিভিন্ন সাহায্যকারী লাইভ ক্লাসের পাশাপাশি বিভিন্ন দিনগুলিতে যেমন মাতৃদিবস, পরিবেশ দিবস প্রভৃতি দিন গুলিতে অনুসন্ধান কলকাতার আয়োজনে সমানভাবে অংশগ্রহণ করে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব বলে মনে করি।

