সাধারণ যাত্রীর মত মেট্রোতে চড়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
বাংলার জনরব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টিকিট কেটে মেট্রোতে সফর করছেন এ খবরে বা এই ছবি দেখে সবার মধ্যে কৌতুহল জন্মাবে। আসলে রাহুল গান্ধীকে দেখে নরেন্দ্র মোদির হঠাৎ মেট্রো সফরের কথা মনে পড়ে গেছে বলে একশ্রেণীর নাগরিক মনে করছেন। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসে ততই নরেন্দ্র মোদী সাধারন মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন এবং চেষ্টা করবেন । আজ শুক্রবার দিল্লিতে তিনি যা করলেন তা এক কথায় অভিনব।
শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পূর্ব নির্ধারিত সূচি মতোই সেখানে যান মোদি। কিন্তু নিজের ভিভিআইপি গাড়ির কনভয় নিয়ে নয়, মোদি দিল্লি বিশ্ববিদ্যালয়ে যান সাধারণ যাত্রীদের মতো মেট্রোয় চেপে। সহযাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি। মোদি অবশ্য এর আগেও মেট্রোয় চেপেছেন। তবে এর আগে যতবার তাঁকে মেট্রোতে দেখা গিয়েছে, প্রতিবারই ছিল সেই মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান। কর্মব্যস্ত দিনে এভাবে হঠাৎ কোনও মেট্রোতে উঠে পড়তে প্রধানমন্ত্রীকে দেখা যায়নি।
উল্লেখ্য, শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন মোদি। এদিন বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আগে পড়ুয়াদের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও আলাদা করে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে মোদির এই সফর ঘিরে বিক্ষোভের একটা আশঙ্কা দিল্লি বিশ্ববিদ্যালয়ে রয়েছে।
ইতিমধ্যেই মোদির (Narendra Modi) অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন।কংগ্রেস সমর্থিত শিক্ষক সংগঠনটির দাবি, গত দুই মাসের বেশি সময় ধরে মণিপুরের পরিস্থিতি তপ্ত। বহু মানুষের প্রাণ গিয়েছে।

