বিজেপি বিরোধী জোটে ধাক্কা বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসলেন না অরবিন্দ কেজরিওয়াল
বাংলার জনরব ডেস্ক: ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে সরানোর লক্ষ্যে আজ শুক্রবার ২৩ শে জুন পাটনায় নীতিশ কুমারের বাড়িতে ১৭ টি রাজনৈতিক দলের বৈঠক বসে। এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ১৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও ছিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী আব সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আর এখানেই বিরোধী দলের ফাটল পরিষ্কার বোঝা যাচ্ছে।
তবে আশার কথা এই যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন উপস্থিত ছিলেন এবং সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন ।নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় তিনি আক্রমণ শানান। কিন্তু আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল প্রথম থেকেই বলে আসছিলেন দিল্লি অর্ডিন্যান্সের বিরুদ্ধে কংগ্রেসকে অবস্থান স্পষ্ট করতে হবে। কারণ সুপ্রিম কোর্ট সম্প্রতি এক রায়ে জানিয়েছিল যে দিল্লির আমলা বদলির ক্ষেত্রে দিল্লির রাজ্য সরকারি সিদ্ধান্ত নেবে এর পরে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স জারি করে।
বৃহস্পতিবারই হাত শিবিরকে কার্যত হুঁশিয়ারি দেন কেজরিওয়াল। জানিয়ে দেন, যদি কংগ্রেস ‘কালো অর্ডিন্যান্স’ ইস্যুতে সংসদে তাঁদের পাশে থাকার পরামর্শ না দেন তাহলে তাঁরা বৈঠক থেকে ওয়াক আউট করবেন। তা অবশ্য করেনি আম আদমি পার্টি। কিন্তু বৈঠকে থাকলেও বিরোধীদের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত ছিলেন কেজরিওয়াল। এর ফলে বিরোধী জোট হলেও তাতে কতটা থাকবে আপ তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।
আম আদমি পার্টির তরফে একটি টুইট করে বলা হয়েছে, ‘একটি জাতীয় দল হিসেবে কংগ্রেস সমস্ত ইস্যুতে কোনও না কোনও পক্ষ নেয়। এবার ‘কালো’ অর্ডিন্যান্সে’ও তাদের পরিষ্কার করে দিতে হবে তাদের অবস্থান। কংগ্রেসের এই নীরবতা তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।’

