কলকাতা 

পুরুলিয়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার এক কংগ্রেস প্রার্থীসহ ২

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুরুলিয়ার আদ্রায় তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয় গতকাল সন্ধ্যায়। আর তা নিয়ে শুরু হয় অসন্তোষ রাস্তা অবরোধ। এদিকে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এদের মধ্যে একজন এবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী। এদিকে আজ সকাল থেকে আততায়ীর গ্রেপ্তারের দাবিতে অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। গ্রেফতারির খবর পাওয়ার পর অবরোধ উঠে গেছে বলে জানা গেছে।জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগ দায়ের হওয়া দু’জনকে গ্রেফতার করেছে আদ্রা থানা। ধৃতদের নাম আরশাদ হোসেন এবং মহম্মদ জামাল।’’ পুলিশ সূত্রে খবর, আরশাদ বেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসে গুলি করে খুন করা হয় আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবেকে। আততায়ীদের গুলিতে জখম হয়েছেন ধনঞ্জয়ের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও। তৃণমূল নেতা এবং তাঁর দেহরক্ষীকে আততায়ীরা গুলি করে পালানোর পর স্থানীয়েরাই দু’জনকে রঘুনাথপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই ধনঞ্জয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে শেখরকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

শুক্রবার সকাল থেকে আদ্রার রাস্তা অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান। স্থানীয় তৃণমূল নেতা বাবু চট্টোপাধ্যায় বলেন, ‘‘পুলিশের উপর আমাদের আস্থা আছে যে, তারা আততায়ীদের খুঁজে বার করবে। কিন্তু যত ক্ষণ না তাদের গ্রেফতার করা হচ্ছে, তত ক্ষণ এই অবরোধ চলতেই থাকবে।’’

পুলিশ সূ্ত্রে খবর, যে পার্টি অফিসে ধনঞ্জয়কে খুন করা হয়েছে, তার পার্শ্ববর্তী এলাকার সিসি ক্যামেরা থেকে বেশ কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পার্টি অফিসের ভিতরেও একটি সিসি ক্যামেরা রয়েছে। যদিও সেটি বিকল। পুলিশ সূত্র জানিয়েছে, খুনের ঘটনার পর রাতেই স্নিফার ডগ এনে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশকর্তারা।

যে ভাবে ধনঞ্জয়কে খুন করা হয়েছে, তা কোনও পেশাদার শুটারের কাজ বলে মনে করছেন পুলিশের একটি অংশ। তদন্তকারীদের সূত্রে খবর, সেই কারণে পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও খোঁজখবর করা শুরু করেছেন তাঁরা। কিন্তু আততায়ীরা বাইকটি কেন ফেলে গেলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ