একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পের বকেয়া মেটানোর দাবিতে গ্রামোন্নয়ন দফতরের সামনে ধর্নায় তৃণমূল সাংসদরা
বাংলার জনরব ডেস্ক : ১০০ দিনের কাজ-সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পে প্রাপ্য বকেয়া অর্থ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তা অবিলম্বে মেটানোর দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাৎ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা দিল্লির কৃষি ভবনের সামনে জড়ো হন আজ বুধবার । এদিন সকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গেই দেখা যায় দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ জহর সরকার, দোলা সেন, শান্তনু সেন প্রমুখকে। তবে মন্ত্রী সময় না দেওয়ায় বকেয়া অর্থের দাবিতে মন্ত্রীর দফতরেই দুপুর ২টো নাগাদ ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা।
কৃষি সচিব জানান, সকালে সংসদে ছিলেন মন্ত্রী। তার পর নিজের সংসদীয় এলাকার কাজে বেরিয়ে যাওয়ার কথা তাঁর। তবে এখনও পর্যন্ত মন্ত্রীর অপেক্ষায় দফতরেই বসে রয়েছেন তৃণমূলের ২৫ জন সাংসদ। তৃণমূলের তরফে এ বিষয়ে অনমনীয় অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, বকেয়া টাকার বিষয়ে আশ্বাস না মিললে সাংসদরা ওই জায়গা থেকে নড়বেন না। সচিব জানান, হিসাবে গরমিল থাকায় বকেয়া মেটানো যাচ্ছে না। অভিষেক তাঁকে জানান, অভিযুক্তদের খুঁজে বার করে শাস্তি দিক কেন্দ্রীয় সরকার। কিন্তু ১৭ লক্ষ পরিবারের স্বার্থে ১০০ দিনের কাজে বকেয়া ৭ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়া হোক।
অভিযোগের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একমাত্র বাংলার টাকাই আটকে রাখা হয়েছে। ১৭ লাখ পরিবার কাজ করে বসে রয়েছে, টাকা পায়নি। বাকি রয়েছে ৭ হাজার কোটি টাকা।” বিজেপির তরফে অবশ্য দাবি করা হচ্ছে, রাজ্য খরচ করা টাকার হিসাব না দেওয়ার কারণেই টাকা আটকে রাখা হয়েছে। পাল্টা তৃণমূলের তরফে বলা হচ্ছে, দুর্নীতির প্রমাণ থাকলে সংশ্লিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্র। কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা মিটিয়ে দিক।

