জেলা 

বিধায়ক কন্যার চাকরি চলে গেল!৬০ এর মধ্যে ৫৮ টি উত্তর দিলেও চারটি সঠিক, তারপরেও গ্রুপ সির চাকরি!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মন্ডলের মেয়ে বিনতা মন্ডলের চাকরি চলে গেল । গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসির গ্রুপ সি নিয়োগ মামলায় ওএমআর শিটে কারচুপির মাধ্যমে যে ৮৪২ জন চাকরি পেয়েছিলেন সেই মামলার শুনানী হয় । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ৮৪২ জন বরখাস্তের নির্দেশ দেয় । তারই পরিপ্রেক্ষিতে আজ শনিবার দুপুরে মধ্যশিক্ষা পর্ষদ ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্ত করে। সেই বরখাস্তের তালিকায় রয়েছেন তৃণমূল বিধায়কের মেয়ে বিনতা মন্ডল ।

তিনি ২০১৮ সালে বেলঘরিয়া নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের গ্রুপ সি-র কর্মী  হিসাবে কাজে যোগ দেন। সেই স্কুলের প্রধান শিক্ষিকা রূপালি দে শনিবার সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “এই সপ্তাহে মঙ্গল-বুধবার দোলের ছুটি ছিল। বৃহস্পতিবার পারিবারিক অনুষ্ঠানের জন্য ছুটি নিয়েছিলেন বিনতা। কিন্তু গতকাল শুক্রবার এসেছিলেন। ডিএ-এর দাবিতে যৌথ মঞ্চের ধর্মঘট নিয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছিল সবাইকে আসতে হবে। বিনতা গতকাল এসেছিল। আজ আসেননি”।
স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, যেদিন বিনতার জয়েনিং ছিল সেদিন তাঁর মা তথা বিধায়ক ঊষারানি মণ্ডল মেয়েকে সঙ্গে নিয়ে স্কুলে এসেছিলেন। বিনতা বিয়ের পর বারুইপুরে থাকেন। সেখান থেকেই স্কুলে যাতায়াত করতেন। কাজের ব্যাপারে বিনতা খুব সিরিয়াস ছিল বলে জানিয়েছেন স্কুলের হেড দিদিমণি। তাঁর কথায়, একজন ক্লার্কের যা যা পজিটিভ গুণ থাকা উচিত বিনতার তাই ছিল।
প্রকাশিত ওএমআর শিট থেকে জানা যাচ্ছে, বিনতা মন্ডল ৬০ টি প্রশ্নের মধ্যে ৫৮টি উত্তর দিয়েছিলেন , কিন্ত এর মধ্যে মাত্র ৪টি উত্তর সঠিক ছিল । তারপরেও তাঁকে চাকরি দেওয়া হয় । তবে এ বিষয়ে তৃণমূল বিধায়ক উষারানি মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ