Jhalda Municipal: পুরপ্রধানের কাউন্সিলর পদ খারিজ করে দিলেন মহকুমা শাসক, ঝালদা পুরসভায় ফের অনিশ্চয়তার ছায়া, নতুন পুর প্রধানের দায়িত্ব দেওয়া হলো অন্যকে, হাইকোর্টে যাচ্ছেন বরখাস্ত পুরপ্রধান
বাংলার জনরব ডেস্ক : পুরুলিয়ার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) চেয়ারম্যান পদ নিয়ে নাটকীয় মোড়। গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্বাচনের মাধ্যমে নতুন পুরপ্রধান দায়িত্ব নেওয়ার পরই শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করে দিলেন মহকুমা শাসক (SDO)। তার বদলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ কর্মকারকে পুরপ্রধান হিসেবে মনোনীত করে নোটিস পাঠিয়েছে।
গত সোমবারই কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ঝালদা পুরসভার পুরপ্রধান পদে বসেছিলেন নির্দলের হয়ে জেতা কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। এই প্রথম কোনও মহিলা ঝালদা পুরসভায় পুরপ্রধান নির্বাচিত হন। ওইদিন কংগ্রেসের (Congress) ৬ এবং নির্দলের এক কাউন্সিলর-সহ ৭টি ভোটে তিনি পুরপ্রধান নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার তিনি প্রথম কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু দু’দিন কাটতে না কাটতেই ফের জটিলতা দেখা দিল শীলা চট্টোপাধ্যায়ের পদ নিয়ে।

বৃহস্পতিবার শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করলেন ঝালদার মহকুমা শাসক ঋতম ঝা। আর তার এক ঘণ্টার মধ্যেই সুদীপ কর্মকারকে নয়া পুরপ্রধান ঘোষণা করে জারি হল সরকারি বিজ্ঞপ্তি। নিয়ম অনুযায়ী নতুন করে পুরপ্রধান নির্বাচন করতে হবে ঝালদা পুরসভায়। দায়িত্ব নেওয়ার ২ দিনের মধ্যেই এহেন পরিস্থিতিতে প্রাথমিকভাবে বাকরুদ্ধ হয়ে যান শীলা চট্টোপাধ্যায়। ধাক্কা কাটিয়ে তিনি জানান, ”আমি আদালতে যাচ্ছি।”
জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর প্রতিক্রিয়া, ”সুদীপ কর্মকারকে এভাবে পুরপ্রধান পদে বসানোর বিষয়টি জটিলতা বাড়াল। আমরা আদালতে যাব। শীলা চট্টোপাধ্যায়ের ভবিষ্যত নিয়েও আদালতের দ্বারস্থ হব।”

