কাটোয়ায় জনবহুল বাজারে গুলি করে খুন তৃণমূল নেতাকে ? তদন্তে পুলিশ
বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে বর্ধমান জেলার কাটোয়ায় জনবহুল বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দুলাল শেখ (৪৫)। বাড়ি কেতুগ্রামের রতনপুরের পীড়তলায়। বালির ব্যবসা, ঠিকাদারি করতেন বলে খবর। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। পরিবারের তরফে জানানো হয়েছে, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কেতুগ্রামের আমগরিয়ায় গিয়েছিলেন আত্মীয়র সঙ্গে দেখা করতে। সেখানে বাজারে বসে খোশগল্প করতে করতে চা খাচ্ছিলেন দুলাল শেখ।
আচমকাই কেউ বা কারা এসে তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দিনের বেলা জনবহুল এলাকায় শুটআউটের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খুঁজে দেখছে তদন্তকারীরা। এই খুনের পেছনে কোন ব্যক্তিগত শত্রুতা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

