রুটিন চেকআপে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া
বাংলার জনরব ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেস নেত্রী ও সাংসদ সোনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গারাম হাসপাতাল ভর্তি করা হয়েছে। জানা গেছে, ‘রুটিন চেক আপ-এ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) বর্তমানে যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পৌঁছেছে। তার মধ্যেই হাসপাতালে ভরতি করা হল সোনিয়া গান্ধীকে। গত বছর ডিসেম্বর মাসের ২৪ তারিখে ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় সুস্থই দেখিয়েছিল কংগ্রেস নেত্রীকে। যদিও গত বছর দুই মাসের ব্যবধানে দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। প্রথমবার জুন মাসে করোনা আক্রান্ত হন। কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালেই ভরতি করা হয়েছিল।
প্রসঙ্গত, ডিসেম্বর মাসের ৬ তারিখেই ছিল সোনিয়া গান্ধীর জন্মদিন। ৭৭ বছরের কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জন্মদিনে রাজস্থানের রণথম্বোরে সময় কাটান সোনিয়া। ওই দিন একদিনের জন্য ভারত জোড়ো যাত্রা থেকে বিরতি নিয়ে মায়ের জন্মদিন পালন করেন রাহুল গান্ধী। রাজস্থানে মা ও দাদার সঙ্গে পারিবারিক উদযাপনে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

