মধ্যপ্রদেশে খুব শীঘ্রই চালু হবে অভিন্ন দেওয়ানী বিধি ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রীর
বাংলার জনরব ডেস্ক: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার ইঙ্গিত দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।
মধ্যপ্রদেশের বারওয়ানিতে এক জনসভায় অংশ নেন শিবরাজ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”সময় এসে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। আমি মধ্যপ্রদেশে এই বিধি চালু করতে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। একটি কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সকলে একবারই বিয়ে করার সুযোগ পাবে।”

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ২০১৯ সালেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়টির উল্লেখ ছিল। তবে কেন্দ্রীয় স্তরে এখনও পর্যন্ত তা কার্যকর হয়ে ওঠেনি।
বিজেপির (BJP) বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে।

