ভারতীয় শিক্ষা সংস্কৃতি ও রাজনীতির ‘সঠিক ইতিহাস’ পড়াবে সিপিএম, কবে থেকে, কোথায় পড়াবে, কারা পড়াবেন? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : ভারতের শিক্ষা সংস্কৃতি ও রাজনীতির ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। তাই ‘সঠিক ইতিহাস’ মানুষের সামনে তুলে ধরতে উদ্যোগী হলো সিপিআইএম।
ডিসেম্বর মাসের ১ থেকে পাঁচ তারিখ পর্যন্ত শহরের ২৫ জায়গায় ক্লাস ইতিহাস নিয়ে উন্মুক্ত ক্লাস নেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। তবে কোনও পরিচিত নেতা নয় বরং শিক্ষক, ঐতিহাসিক এবং গবেষকদেরই এই কাজে লাগানো হবে। সিপিএমের দাবি, তারাই দেশের ‘আসল ইতিহাস’ তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে।

সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন, “দেশের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে আরএসএস। সেই জায়গায় নিজেদের মন গড়া কথা ইতিহাসের পাতায় জায়গা করতে চাইছে। আমরা বলেছি কিছুতেই সেই কাজ হতে দেওয়া যাবে না। ৬ই ডিসেম্বর আসছে। বাবরি মসজিদ ধংস করার মতো নক্কারজনক কাজ হয়েছিল। এই কথা ইতিহাসে কালো দিন হয়ে থাকবে। আমরা ওই দিন মিছিল করব। আর এ রকম ইতিহাসের কথা মানুষের কাছে তুলে ধরতে শহরের বিভিন্ন জায়গায় কর্মসূচি নেওয়া হয়েছে। প্রয়োজনে রাজ্য জুড়ে হবে।”
যদিও সিপিএমের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি ও তৃণমূল। তৃণমূলের তরফে শান্তনু সেন বলেন, “যারা ইতিহাস হয়ে গেছে তারা ইতিহাসের কথা শোনাবে! রাজনৈতিক ভাবে আর ঘুরে দাঁড়াতে পারবে না।” বিজেপির তরফে দিলীপ ঘোষ জানিয়েছেন, “বামেরা নিজেরাই ইতিহাস হয়ে গেছেন।”
৬ ডিসেম্বর সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করে সিপিএম। তার জন্য কিছুদিন আগে থেকে প্রচার কর্মসূচি করা হয়। এ বার ভিন্ন ধরনের কর্মসূচি করে রাজ্য রাজনীতিতে সারা ফেলতে চাইছে দল।

