তৃণমূল হাড়োয়ার সভা বানচাল করতে চাইছে, সভা হবেই শান্তিপূর্ণভাবেই জমায়েত করার অধিকার সাংবিধানিক অধিকার এটা কেউ কেড়ে নিতে পারবে না : বিধায়ক নওশাদ সিদ্দিকী
বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর সভা বানচাল করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কাজ করছে বলে, অভিযোগ করেছেন আইএসএফ নেতৃত্ব। আজ শনিবার আইএসএফের পক্ষ থেকে অ্যাটেস বিবৃতি জারি করে বলা হয়েছে ৬ নভেম্বর অর্থাৎ রবিবার আইএসএফের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার খারুবালা গ্রামে এক জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভাটি বানচাল করার জন্য চেষ্টা চলছে বলে আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আইএসএফের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি প্রেস বিবৃতিতে লিখেছেন,পয়লা নভেম্বর এই জনসভা করার বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল। তখন পুলিশের পক্ষ থেকে কোন আপত্তি তোলা হয়নি। এই মর্মে যে জমিতে জনসমাবেশ, সেই জমির মালিকের ‘কোন আপত্তি নেই’ সংক্রান্ত চিঠিও থানায় জমা দেওয়া হয় গত বৃহস্পতিবার (৩ নভেম্বর)। ইতিমধ্যে হঠাৎ শোনা যাচ্ছে, পাশের একটি ছোট জমিতে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা হবে। অতএব, পুলিশ আইনশৃঙ্খলার দোহাই দিয়ে আইএসএফ-এর জনসভা বন্ধ করার ফন্দি করছে।
গত কয়েকদিন থেকেই তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতৃত্বে গুন্ডাবাহিনী আইএসএফ কর্মী সমর্থকদের হুমকি দিয়ে চলেছে। এমনকি বোমাবাজীও করা হয়েছে। আজ শনিবার সকালে ওই জমির মালিক ফয়জুল মোল্লাকে তারা অপহরণ করেছে। জোর করে তাঁকে দিয়ে লিখিয়ে নিয়েছে যে তাঁর জমিতে জনসভা করার অনুমতি তিনি দিচ্ছেন না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুমকি দিয়ে এটা করা হয়েছে।
আইএসএফের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য পীরজাদা নওশাদ সিদ্দিকী দৃঢ়ভাবে বলেছেন, জনসভা হবেই। এইরকম হুমকি,অপহরণ ও গুন্ডামী করে শাসকদল পার পেতে পারে না। পুলিশের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, তারা অসাংবিধানিক কাজ করছেন। শান্তিপূর্ণভাবে জমায়েত সংবিধানের মৌলিক অধিকার। এটা কোন সরকার, পুলিশ প্রশাসন অথবা কোন রাজনৈতিক দল খর্ব করতে পারে না। আগামীকাল তিনি নিজে এই জনসভায় উপস্থিত থাকবেন।

