রাজশাহীর ‘চিহ্নমেলা মুক্তবাংলা ২০২২’র অনুষ্ঠানে সম্মানিত হন কলকাতার কবি সাহিত্যিকরা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত ১৭-১৮ অক্টোবর ২২ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ‘চিহ্নমেলা মুক্তবাংলা ২০২২ আয়োজিত লিটিল ম্যাগাজিন মেলা। মেলা সম্পাদক শহীদ ইকবালের আমন্ত্রণে ওই মেলায় কলকাতা থেকে যোগদান করেছিল সাহিত্য পত্রিকা ‘পদার্পণ’ সহ বেশ কয়েকজন বিদ্বজ্জন।
প্রায় দুই শতাধিক লিটিল ম্যাগাজিন এই মেলায় অংশ গ্রহণ করে। লিটিল ম্যাগাজিন ‘পদার্পণ’ এর তরফে মেলায় অংশ নেন পত্রিকা সম্পাদক শর্মিষ্ঠা মাজি ও পারমিতা পোদ্দার। অন্যান্যদের মধ্যে কলকাতা থেকে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন কলকাতা লিটিল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণাগারের কর্ণধার সন্দীপ দত্ত ও বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ ইমানুল হক। তাঁদের প্রত্যেককে মেলা কতৃপক্ষের তরফে সম্বোর্ধিত করা হয়।

রাজশাহী থেকে কলকাতায় ফিরে পদার্পণ সম্পাদক শর্মিষ্ঠা মাজি তাঁর অনুভূতি ব্যক্ত করে জানান করোনার ত্রাস এখনও মানুষের পিছু না ছাড়লেও কর্মবীর ওই ব্যতিক্রমী মেলার আয়োজক শহীদ ইকবাল ও বিশিষ্ট অধ্যাপক আকিকুল ইসলাম যথাসাধ্য আয়োজনের ত্রুটি রাখেননি। তিনি আরো বলেন কলকাতা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পত্রিকার সম্পাদক ও সহযোগীদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি। তিনি মেলা প্রাঙ্গণে সাহিত্য অন্তপ্রাণ নির্মল গুণকে দেখেও আপ্লুত হয়ে যান। মেলায় পত্রিকা বিক্রির সাথে সাথে বাংলাদেশের কবি সাহিত্যিক ও পাঠকদের আচরণ তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান।

তিনি মেলায় ‘ কলকাতা কথকতা’র উদ্যোগে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের উপর একটি প্রদর্শনীর আয়োজন করেছিল বলে জানান।
মেলায় তাঁর ‘মেঘ রোদের খেলা’ শীর্ষক কাব্যগ্রন্থের আবরণ উন্মোচন করা হয় বলেও জানান।

