কলকাতা 

জনগণের নাগরিকত্ব কেড়ে নিতে চাওয়া কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে স্বরাজ ইন্ডিয়া

শেয়ার করুন

কলকাতা, ১৮ অক্টোবর ২০২২: সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মারফত দেওয়া কেন্দ্রীয় সরকারের জনগণের নাগরিকত্ব কেড়ে নিতে চাওয়ার স্পষ্ট ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে স্বরাজ ইন্ডিয়া।

স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভীক সাহা বলেন: “করোনাকালের পূর্বে ভারতীয় যুক্তরাষ্ট্রব্যাপী জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী দেশব্যাপী শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে দেশের বিপুল সংখ্যার মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে নিজভূমে পরবাসী করে রাখার যে কেন্দ্রীয় প্রয়াস, তা কিছুটা হলেও থমকে গিয়েছিল জন-আন্দোলনের চাপে। কিন্তু অতিমারী করোনা ও লকডাউনের ফলে এই বিষয়ে গণ-আন্দোলন স্তিমিত হয়ে যায় আর তার সুযোগ নিয়েই কেন্দ্র সরকার তলে-তলে নতুন করে জাতীয় জনপঞ্জির কাজ চালিয়ে গেছে। লক্ষ্য, এনআরসির মাধ্যমে নাগরিকত্ব হরণপ্রক্রিয়া বাস্তবায়িত করা। আজ এই বিষয়টির বাস্তবিক কার্য-কারণ স্পষ্টতই বিদ্যমান তা প্রকাশ্যেই স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকল সংগঠন, দল ও ব্যক্তিবর্গের কাছে আমরা আবেদন জানাচ্ছি, রাজনৈতিক ও মতাদর্শীয় দৃষ্টিভঙ্গির ফারাক থাকা সত্ত্বেও দেশের এই ক্রান্তিকালে আসুন আমরা রাজপথে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলি। আসুন আমরা দেশের অখণ্ডতা, বৈচিত্র্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা ও সমাজবাদী চেতনাকে অক্ষুণ্ণ রাখার শপথ নিই। দেশের মানুষের নাগরিক সমানাধিকারকে সুনিশ্চিত করে আসুন আমরা আমাদের স্বদেশের সোনালি ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।”

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্মরণ করিয়ে দেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁদের ইস্তেহারে পরিষ্কারভাবেই বলা ছিল যে, দেশের প্রতি ইঞ্চি জমিতে বসবাসকারী সমস্ত ‘অবৈধ বাসিন্দা’ এবং ‘অনুপ্রবেশকারী’দের আন্তর্জাতিক আইন অনুসারে চিহ্নিত ও নির্বাসিত করা হবে। তিনি বলেন, “অসমের প্রেক্ষাপটে এনআরসি অসম চুক্তির অংশ। আমরা রাষ্ট্রপতির বক্তব্য শুনেছি, তিনি বলেছিলেন, ভারতের প্রতি ইঞ্চি জমিতে বসবাসকারী সমস্ত অবৈধ বাসিন্দা এবং অনুপ্রবেশকারীদের আন্তর্জাতিক আইন অনুসারে চিহ্নিত করা হবে এবং নির্বাসিত করা হবে যেটি ইস্তেহারে উল্লেখিত ছিল।” অতএব অমিত শাহ স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন এনপিআরের মধ্যে দিয়ে ধাপে ধাপে এনআরসি প্রক্রিয়ার সম্পূর্ণকরণের দ্বারা ‘অনুপ্রবেশকারী’ ও ‘অবৈধ বাসিন্দা’ হিসাবে চিহ্নিত করে একটি বড় অংশের নাগরিকের নাগরিকত্ব লুঠের চেষ্টা নয়াদ্যোমে শুরু হয়েছে। এটা স্পষ্ট যে ভারতীয় যুক্তরাষ্ট্রকে হিন্দু-হিন্দি-হিন্দুস্তানি জাতিরাষ্ট্র হিসাবে গড়ে তোলার সব ধরনের চেষ্টাই চলছে নানা দিক থেকে, যা ভারতের সংবিধানের বুনিয়াদি প্রস্তাবনা ও সংবিধানের মূলগত চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

এভাবে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র তথা হিন্দু-হিন্দি-হিন্দুস্তানি জাতিরাষ্ট্র বানানোর অপচেষ্টার বিরুদ্ধে স্বরাজ ইন্ডিয়া সর্বদা সজাগ রয়েছে। এনআরসি-সিএএ বিরোধী গণ-আন্দোলনের সঙ্গে এই দলের সক্রিয় সংহতি ছিল যে শুধু তাই নয়, যে কোনো সময়েই দেশের নাগরিককে ‘অনুপ্রবেশকারী’ চিহ্নিত করে তাঁর নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তা মোকাবিলা করার জন্য অঙ্গীকারবদ্ধ। এই বিষয়ে আবারও দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে উঠলে, তার প্রতি স্বরাজ ইন্ডিয়ার সক্রিয় সমর্থনও অব্যাহত থাকবে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ