মানিককে সিবিআই গ্রেফতার করতে পারবে না নির্দেশ সুপ্রিম কোর্টের,ইডির হেফাজতে থাকতে হবে এখন!
বাংলার জনরব ডেস্ক : ইডির হেফাজতে থাকলেও প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এখনই সিবিআই গ্রেফতার করতে পারবে না বলে আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে।তবে তদন্ত চালিয়ে যেতে বাধা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারণের নির্দেশের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে ইডির (Enforcement Directorate) গ্রেফতারি নিয়ে কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। ফলে আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে।
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সেই মামলায় এদিন কার্যত রক্ষাকবচ পেলেন মানিক ভট্টাচার্য। সিবিআই তদন্ত চালিয়ে গেলেও মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোন পথে তদন্ত চলছে, তদন্তের অগ্রগতি কত দূর, কোন পথে এগোতে চাইছে সিবিআই (CBI) , ৪ সপ্তাহ পর সেই রিপোর্টে দিতে হবে সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি দিন অবশ্য এখনও ঠিক হয়নি।

কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। নির্দেশ মেনে তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে আসেন গৌতম পাল। এই নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। এদিন সেই আবেদনের শুনানি চলাকালীন কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেন দুই বিচারপতি। তাঁরা জানান, কোনও যুক্তিতে মানিক ভট্টাচার্যকে সরানো হল, পালটা কী যুক্তি রয়েছে মানিকের আইনজীবীর, তা বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। অপসারণের নির্দেশে স্থগিতাদেশ দিলেও তাঁকে পুনর্বহালের নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি।
ইডির গ্রেফতারি নিয়েও শীর্ষ আদালতে গিয়েছিলেন মানিক। তবে এনিয়ে শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে তাঁকে।

