কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর পরিবেশ কর্মসূচি দোগাছি উচ্চ বিদ্যালয়ে
২২ সেপ্টেম্বর ২০২২ (বৃহস্পতিবার) : নদিয়ার দোগাছি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ আহ্বানে কৃষ্ণনগর পরিবেশ বন্ধু-র সদস্যরা সেখানে গিয়েছিলেন। তারা দোগাছি হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বিদ্যালয়ের দুটি কক্ষে এই আয়োজন করা হয়েছিল। এদিন পরিবেশ বন্ধুরা বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করেন। স্কুল কর্তৃপক্ষও সেই আলোচনায় অংশগ্রহণ করেন। দোগাছি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কো-অর্ডিনেটর হিসেবে বিশেষ ভূমিকা নেন সেই বিদ্যালয়ের শিক্ষক এবং পরিবেশ বন্ধু অমৃতাভ দে। ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে আলোচনার দায়িত্বে ছিলেন তরুণকুমার সাহা, মমতা বিশ্বাস এবং দীপাঞ্জন দে।

আলোচনায় প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন, প্লাস্টিক ক্যারিব্যাগের পুনর্ব্যবহার, বৃক্ষরোপণ, দূষণমুক্ত স্কুল গড়ে তোলা, পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার প্রভৃতি বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ বন্ধু দীপাঞ্জন দে দোগাছি হাইস্কুলের শিক্ষার্থীদের কাছে কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর প্লাস্টিক বিরোধী আন্দোলন ও অন্যান্য পরিবেশ কর্মসূচির কথা সংক্ষেপে তুলে ধরেন। এছাড়া দোগাছি হাইস্কুলের প্রধান শিক্ষকের কাছে প্রত্যেক সেকশন থেকে দুইজন শিক্ষার্থীকে নিয়ে পরিবেশ বন্ধুর মনিটারিং টিম তৈরির বিষয়ে এদিন সম্মতি পাওয়া যায়। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সেই টিমকে নেতৃত্ব দেবে বলেও ঠিক হয়। স্কুলের পক্ষ থেকে শিক্ষক অমৃতাভ দে তাদের এ বিষয়ে গাইড করবেন বলে স্থির হয়। টিম প্রস্তুত হলে সেই তালিকা কৃষ্ণনগর পরিবেশ বন্ধুকে জানানো হবে এবং পরিবেশ বন্ধুর টিম তাদের সাথে বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবে।

পরিবেশ বন্ধু দীপাঞ্জন দে স্কুলগুলিতে তাদের প্রচারাভিযান সম্পর্কে বলেন, “দোগাছি হাইস্কুলের শিক্ষার্থীরা আমাদের একটি প্রস্তাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। শিক্ষকদের সহযোগিতায় এবং পরিবেশ বন্ধুর সাথে মিলিত হয়ে তারা নিজেদের বিদ্যালয়কে সম্পূর্ণ পরিবেশ দূষণমুক্ত, প্লাস্টিক বর্জিত বিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। আর প্রধান শিক্ষক, সহ-প্রধান শিক্ষক সকলে এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবেন বলেছেন। এতে আমরা যেমন খুব আনন্দিত, তেমনি মনে হচ্ছে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল।”

