কলকাতা 

বোলপুরে শিশুমৃত্যুর ঘটনায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুঃখপ্রকাশ করতে হবে এই দাবিতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বোলপুরের শিশুমৃত্যুর ঘটনায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করতে হবে এই দাবিতে বিধানসভায় জোর বিক্ষোভ দেখালো বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক-আউট করলেন বিজেপি বিধায়করা।

প্রসঙ্গত, বীরভূমের (Birbhum) শান্তিনিকেতনের মোলডাঙায় ৫ বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠেছে এক সংখ্যালঘু মহিলার বিরুদ্ধে। দু’দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় পাঁচ বছরের শিবম ঠাকুরের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যে বাড়ির ছাদে দেহ মেলে সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দেহ উদ্ধারের পরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পরে জানা গিয়েছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে প্রতিশোধের অঙ্ক বলে অভিযোগ।

এদিন বিধানসভা চত্বর সেই ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, এই ঘটনা আসলে রাজ্যের পুলিশ (West Bengal Police) প্রশাসনের বিশাল ব্যর্থতা। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, “রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশের এত বড় ব্যর্থতার দায় নিতে হবে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাত্র পাঁচ বছরের এই শিশুর মৃত্যু, ছবি দেখলে চোখে জল আসছে। পুলিশমন্ত্রীকে বিধানসভায় এর জন্য দুঃখপ্রকাশ করতে হবে।” কিন্তু শুভেন্দুর সেই দাবি মানেননি স্পিকার। তারপরই হট্টগোল শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা। বিধানসভা কক্ষেই ‘পুলিশমন্ত্রী হায় হায়’ স্লোগান ওঠে। বিজেপি বিধায়করা স্লোগান দেন,’শিশুমৃত্যুর সরকার, আর নেই দরকার।’

বস্তুত, বোলপুরের এই ঘটনা নিয়ে বিজেপি রীতিমতো আক্রমণাত্মক। বুধবার বোলপুর (Bolpur) যাচ্ছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করতে চান বলেও শোনা যাচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ