ভবানীপুরে দুটি ট্রাফিক গার্ডে ট্যাক্সি চালকদের বিক্ষোভ অবস্হান
বিশেষ প্রতিনিধি: ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসাবে দক্ষিণ কলকাতার ভবানীপুরে পরপর দুটি ট্রাফিক গার্ডে বিক্ষোভ-অবস্হান করল ট্যাক্সি চালকরা।এ আই টি ইউ সি অনুমোদিত ট্যাক্সি সংগঠন ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি, কলকাতা ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন ও কলকাতা অ্যাপ-ক্যাব ফোরাম এই বিক্ষোভ অবস্হানের আয়োজন করে।

তাদের দাবি , অবিলম্বে জরিমানা বৃদ্ধি ফরমান প্রত্যাহার করতে হবে, ট্যাক্সি চালকদের উপর পুলিসি জুলুমবাজি বন্ধ করতে হবে এবং তাদের উপর থেকে সব ধরণের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, যেখানে সেখানে ট্যাক্সি চালকদের উপর পুলিসি নির্যাতন বন্ধ করতে হবে, পেট্রোল-ডিজেলের ধাম বারবার বৃদ্ধি পাওয়ায় সেই অনুপাতে ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করতে হবে। দাবিগুলির সমর্থনে ভবানীপুরে দুই ট্রাফিক গার্ডের প্রধানকে স্মারকলিপি ।

প্রদান করা হয়। স্মারকলিপি দেন ট্যাক্সি আন্দোলনের তিন নেতা অরূপ মণ্ডল,শিবশঙ্কর সাউ ও শঙ্কর যাদব।দাবিগুলির সমর্থনে বক্তব্য বলেন ট্যাক্সি আন্দোলনের বর্ষীয়ান নেতা এবং এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নওলকিশোর শ্রীবাস্তব , অরূপ মণ্ডল, মহম্মদ আনোয়ার ও মহম্মদ সাজ্জাদ।নেতৃবৃন্দ বলেন , আমাদের এই কর্মসূচি চলবে ২৪ আগস্ট পর্যন্ত।তারপর পশ্চিমবঙ্গ সরকার যদি দাবিগুলি বিবেচনা না করে তাহলে এরপর ট্যাক্সি চালকরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হবে।এছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই।

