কলকাতা 

Nirmal Maji:কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো নির্মল মাজিকে, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নবান্ন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে সরিয়ে দেওয়া হলো। আজ নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে নির্মল মাঝির জায়গায় আর এক তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় কে চেয়ারম্যান করা হয়েছে। সুদীপ্ত বাবুর শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। তবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বিধায়ক নির্মল মাজিকে কেন ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মলের নাম ইতিমধ্যেই বহু বিতর্কে জড়িয়েছে। তবে নবান্ন নির্মলকে অপসারণের কোনও কারণ ব্যাখ্যা করেনি। একটি ১০ লাইনের নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে থাকা নির্মলের জায়গায় নতুন দায়িত্ব নিচ্ছেন সুদীপ্ত রায়।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিকেলে ওই নির্দেশিকা দেওয়া হয়। তাতে জানানো হয়েছে সমিতির কাজ মসৃণ ভাবে চালনার জন্যই এই বদল।

উল্লেখ্য, রোগী কল্যাণ সমিতির নতুন দায়িত্ব প্রাপ্ত সুদীপ্ত শ্রীরামপুরের বিধায়ক। তিনি আর জি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এ ছাড়া হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও সম্প্রতি নিয়োগ করা হয়েছে সুদীপ্তকে।

অন্য দিকে, নির্মলের নাম বার বার জড়িয়েছে বিতর্কে। করোনা অতিমারির সময়ে জীবনদায়ী ইঞ্জেকশন টসিলিজুমাব উধাও হয়ে যায় মেডিক্যাল কলেজ থেকে। সেই বিতর্কে যে চিকিৎসকের নাম জড়িয়েছিল তিনি নির্মল ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ ওঠে। ফলে বিতর্কে নাম উঠে আসে নির্মলেরও।

এদিকে জানা গেছে কলকাতা মেডিকেল কলেজের একাধিক প্রবীণ চিকিৎসক অধ্যাপক লিখিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কয়েক সপ্তাহ আগে নির্মল মাঝি একজন প্রবীণ চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ উঠেছিল তারই পরিপ্রেক্ষিতে ওই প্রবীণ চিকিৎসক সরাসরি মুখ্যমন্ত্রী কে চিঠি লিখেছিলেন। মনে করা হচ্ছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়া সত্বেও নির্মল মাজিকে কলকাতা মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওরয়া হলো।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ