স্কুল শিক্ষা স্বাভাবিক করার দাবি জানিয়ে AIITA-র সাংবাদিক সম্মেলন
বিশেষ প্রতিনিধি : স্কুল শিক্ষা স্বাভাবিক করার দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশন (AIITA)-র মালদা জেলা শাখা। এদিন মালদা প্রেস কর্ণারে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মহবুল হক। তিনি বলেন, কোভিডি-১৯ ভাইরাসের কারনে লকডাউনের আওতায় অন্যান্য সবকিছুর সাথে শিক্ষা ব্যবস্থাও বেহাল হয়ে পড়েছে বিগত দুই বছরে। শিক্ষা ছাড়া অন্য সবকিছু স্বাভাবিকতায় ফিরতে শুরু করলেও শিক্ষাব্যবস্থা নিয়ে প্রহসনের এখনো শেষ হল না। এদিকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীদের ক্ষতির হাত থেকে বাঁচাতে অনলাইন শিক্ষার দিকে টেনে আনার চেষ্টা করা হল। ফল হল উচ্চবিত্ত ও শহুরে কিছু পড়ুয়া ছাড়া সবাই বিচ্ছিন্ন থাকল পঠন পাঠন থেকে। তাদের মানসিক, শারীরিক, সামাজিক, চারিত্রিক বিকাশ ব্যাহত হল, যারা অনলাইনে ক্লাস করল তাদের শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হল। তারপরও অনলাইন শিক্ষার দিকে জনসাধারণকে আকৃষ্ট করার চেষ্টা চলছে।

এতে বহুজাতিক কোম্পানি ও পুঁজিপতিগন বিনিয়োগ করেছেন বলে সেলিব্রিটিদের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। আবার শিক্ষা প্রতিষ্ঠান আংশিক খুলে ‘পাড়ায় শিক্ষালয়’ নামে নতুন এক প্রহসন শুরু করেছে। অপরদিকে বিগত ৮বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ। বর্তমানে এক লক্ষের বেশি শিক্ষক পদ শূন্য। শুধু বিজ্ঞান বিভাগে ১০হাজার ৯৭৩টি পদ শূন্য রয়েছে। কিন্তু সরকার এ বিষয়ে নির্বিকার। শিক্ষা ব্যবস্থার জন্য এটি একটি অশনি সঙ্কেত। হয়ত বিদ্যালয়গুলি তুলে দেওয়ার ষড়যন্ত্রের পূর্ব পরিকল্পনাও হতে পারে এটা। তাই আমরা ৫-২০ ফেব্রুয়ারি, ২০২২ ‘অনলাইনের যাঁতাকলে, শিক্ষাব্যবস্থা রসাতলে’ প্রচার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।


আমরা সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ অনুরোধ সকলে এবিষয়ে সোচ্চার হোন। নইলে আগামী দিনে গ্রামীণ এলাকা ও নিম্নবিত্ত পরিবারের শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত রেখেই শিক্ষাব্যবস্থা এগিয়ে যাবে। তখন হয়ত আমরা বুঝব কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। সকলে আমাদের আহ্বানে সাড়া দিয়ে সঙ্গ দিন। সকলে ময়দানে নেমে প্রতিবাদ করুন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবেদ আলী, জেলা সভাপতি AIITA-মালদা, মোহাঃ হুমায়ুন, তোফাজ্জল হোসেন প্রমুখ। এদিনের অনুষ্ঠানে অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশনের রাজ্য সভাপতি মহবুল হক কি বললেন শুনুন:

