আলমপুরের হাইওয়ে সংলগ্ন মদের দোকানে দুষ্কৃতী হামলা, গুলিবিদ্ধ এক কর্মী
বাংলার জনরব ডেস্ক : হাওড়া ডোমজুড়ের আলমপুর হাইওয়ের এক মদের দোকানে ঢুকে লুটপাট এবং এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
সূত্রের খবর,বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ হাওড়ার ডোমজুড়ের আলমপুর হাইওয়ে সংলগ্ন একটি মদের দোকানে হানা দেয় একদল দুষ্কৃতী। তারা ওই দোকানে লুটপাটের চেষ্টা করে বলে অভিযোগ। মদের বোতল, টাকা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বাধা দিতে এলে আক্রমণ করা হয় মদের দোকানের এক কর্মীকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কর্মীকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি লাগে তাঁর কাঁধে, অন্যটি হাতে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা জড়ো হওয়ার আগেই গাড়িতে উঠে চম্পট দেয় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে খোঁজ চলছে অভিযুক্তদের।

