দেশ 

কেরলে বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় মৃত্যু, প্রমাণ লোপাটের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

এস রোজলিন: কলকাতা: চালকের আসনে বিচারকের নাবালক ছেলে। দুরন্ত গতিতে কেরলের কোচির রাস্তায় ছুটল মার্সিডিজ-বেঞ্জ। সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মর্মান্তিক এই ঘটনায় এবার অভিযুক্ত ছেলেকে বাঁচাতে প্রমাণ লোপাটের অভিযোগ উঠল বিচারক বাবার বিরুদ্ধে।‌শুধু প্রমাণ লোপাটই নয়, অভিযুক্ত কিশোরের ছবি থানা থেকে মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি, এমনই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাসপেন্ড করা হয়েছে চার পুলিশকর্মীকে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চকে। গত ২৫ অক্টোবর ভোররাত ২টো ২০ মিনিট নাগাদ কোচির চেরানাল্লুরের কন্টেনার রোডে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা বিচারকের ১৭ বছরের ছেলে দ্রুতগতিতে মার্সিডিজ চালিয়ে পিছন থেকে স্কুটারে ধাক্কা মারে। মৃত্যু হয় ৫৫ বছরের জয়বালকৃষ্ণনের। তিনি রাস্তার ধারে খাবারের দোকান চালাতেন।

মৃতের মেয়ে ভদ্রকীর্তির অভিযোগ, মামলার প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে কিশোরের বাবা দুর্ঘটনাস্থলে অনেক সময় কাটিয়েছেন। এই অভিযোগে রবিবার নতুন করে একটি মামলা দায়ের হয়েছে। আরও অভিযোগ, দুর্ঘটনার পরে থানায় অভিযুক্ত কিশোরের ছবি তুলেছিলেন পরিবারের এক আত্মীয়। কিন্তু বিচারকের নির্দেশে এক পুলিশকর্মী মোবাইল থেকে সেই ছবি মুছে দেন। এই অভিযোগের ভিত্তিতে থানার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, প্রমাণ নষ্টের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয়ই সাজা হতে পারে।অভিযুক্ত কিশোরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দ্রুতগতিতে মার্সিডিজ চালানোর একাধিক ভিডিও ছিল বলে দাবি। একটি ভিডিওয় ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর দৃশ্যও ছিল। দুর্ঘটনার পরে পোস্টগুলি মুছে অ্যাকাউন্টটি প্রাইভেট করে দেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশের দাবি, দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৪ কিলোমিটার। পরিবারের আরও অভিযোগ, গাড়িতে চালক ছাড়াও তিনজন ছিলেন। দুর্ঘটনার পরে তাঁরা পালিয়ে যান। তবে বিচারক দাবি করেছেন, ছেলে তাঁর অজান্তেই গাড়ি নিয়ে বেরিয়েছিল। কেরল হাইকোর্ট তাঁকে আপাতত গ্রেপ্তারি থেকে রক্ষাকবচ দিয়েছে। অন্যদিকে, মৃতের পরিবার অভিযুক্ত কিশোরের জামিন বাতিলের দাবি জানিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ