বিকাশের বাড়িতে হামলা গ্রেফতার ১
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে গড়িয়ার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
ধৃত যুবকের নাম বাপ্পা গুছাইত। ২৯ বছর বয়সি ওই যুবক গড়িয়ার বোয়ালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর ৪টে ৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে সম্পত্তি ধ্বংস, অন্যের জীবনে বিঘ্ন ঘটানো, মহিলার শ্লীলতাহানি, অন্যকে অপমান করে এলাকার শান্তি নষ্ট করা এবং ভয় দেখানোর মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া, পরে অপরাধের প্রমাণ নষ্ট করা, জালিয়াতি, নথি জাল করার মতো অভিযোগের ধারাও এই মামলায় যোগ করা হয়েছে। শুক্রবারই ধৃতকে আদালতে হাজির করাবে পুলিশ। বিকাশের বাড়িতে হামলার ঘটনায় এক জনকে গ্রেফতারের কথা কলকাতা হাই কোর্টেও শুক্রবার রাজ্য সরকার জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে বিকাশরঞ্জনের বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল আইনজীবী মহল। অভিযোগ, মদের বোতল ছুড়ে ভেঙে দেওয়া হয় তাঁর বাড়ির জানলার কাচ। অশ্রাব্য ভাষায় চিৎকার করে গালিগালাজও করা হয়। গোটা ঘটনায় ‘হিন্দুত্ববাদী গুন্ডাদের’ দায়ী করেছেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার প্রাক্তন সিপিএম সাংসদ। জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ তাঁর বাড়ির সামনে এসে এক জন বোতল ছুড়ছিলেন। সঙ্গে আরও কয়েক জন ছিলেন। অল্পের জন্য সেই হামলা থেকে রক্ষা পেয়েছেন বিকাশের বাড়ির পরিচারিকা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, গামছায় মুখ ঢেকে এক যুবক এই কাজ করছেন। অভিযোগ, গালিগালাজের পাশাপাশি বিকাশের নাম করে তিনি বলছিলেন, ‘‘আমাদের পিছনে লাগবি না, আমরা দেশভক্ত।’’ ওই ফুটেজের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
বিকাশ হামলা প্রসঙ্গে বলেছিলেন, ‘‘হিন্দুত্ববাদীরা এসব করেছে। ওরা সব মায়ের সন্তান। ওরা আমাকে নাকি শিক্ষা দেবে। এই ভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। যাঁরা গরিব মানুষের হয়ে লড়াই করছেন, তাঁদের উপরেই হামলা করা হচ্ছে।” তাঁর অভিযোগের পরেই পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, খোঁজ চলছে। ধৃতের আসল উদ্দেশ্য কী ছিল, কার নির্দেশে তিনি এই কাজ করেছেন, আর কারা তাঁর সঙ্গে ছিলেন, খতিয়ে দেখা হচ্ছে।

